National

কৃষিজমির তলায় লক্ষ লক্ষ টাকা লুকিয়ে রাখেন কৃষক, বার করে দেখেন উইয়ে খেয়েছে সব টাকা

লক্ষ লক্ষ টাকা পরিবারের থেকে লুকিয়ে রাখতে গিয়ে সব খোয়ালেন এক কৃষক। পুঁতে রেখেছিলেন কৃষিজমিতে। বার হতে দেখলেন সব টাকা গেছে উইয়ের পেটে।

বছর খানেক আগের কথা। তাঁর একটি জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পান এক কৃষক। এত টাকার কথা পরিবারের কেউ জানলে তাঁরা তা ব্যবহার করে ফেলতে পারেন। অথবা টাকা চুরিও যেতে পারে।

তাই সকলের অলক্ষ্যে কৃষক স্থির করেন তিনি সেই টাকা এমন জায়গায় লুকিয়ে রাখবেন যে কেউ টেরও পাবেনা। তিনি ভেবেচিন্তে তাঁর কৃষিজমির একটা জায়গা খুঁড়ে সেখানে প্যাকেটবন্দি ওই নগদ ৫ লক্ষ টাকা লুকিয়ে রাখেন। কৃষিজমির মাটির তলায় যে নোটের বান্ডিল থাকতে পারে তা কেউ জানতেও পারেননি।

কয়েক মাস পর যখন রাজস্থানের বালোত্রা জেলার নেওয়াই গ্রামের বাসিন্দা ওই কৃষকের কিছু টাকার দরকার পড়ে তখন তিনি তাঁর জমিতে পুঁতে রাখা ওই টাকার ব্যাগটি খুঁজতে শুরু করেন।

কিন্তু মাঙ্গিলাল মেঘওয়াল অনেক খুঁজেও প্লাস্টিকের প্যাকেটে রাখা ওই টাকার খোঁজ পাননি। ১০ বিঘা জমির কোথায় যে তিনি সেই টাকার প্যাকেট লুকিয়েছিলেন তা তাঁর কিছুতেই মনে পড়েনি।

তবু তিনি ওই ১০ বিঘা জমি খুঁজে ফেলেন। তারপরেও না পেয়ে বাধ্য হয়ে বিষয়টি তাঁর স্ত্রী ও ছেলেদের জানান। তাঁরাও জমিতে খোঁজ শুরু করেন। কিন্তু টাকার প্যাকেট পাওয়া যায়নি।

এরপর বছর ঘুরে যায়। বর্ষা আসার পর বর্ষণের ফলে মাটি আলগা হয়। সেই সময় জমির এক জায়গায় ওই প্যাকেটটি উঁকি দেয়। সেটা নজরে পড়তেই মাঙ্গিলাল ও তাঁর পরিবারের সকলে প্যাকেটটি খুলে টাকা বার করতে যান।

কিন্তু তাঁরা দেখেন অধিকাংশ নোটের বান্ডিলই উইপোকায় কেটে দিয়েছে। নোটগুলি টুকরো টুকরো হয়ে গেছে। অধিকাংশটাই খাওয়া। এই দৃশ্য দেখার পর কার্যতই ভেঙে পড়েন মাঙ্গিলাল। এদিকে স্থানীয় কোনও ব্যাঙ্কই ওই নোট নিতে চায়নি।

Show Full Article
nilkantho.in App