প্লাস্টিক কুড়িয়ে দিলে বাড়তি রোজগার, নতুন ভাবনায় জলা বাঁচাচ্ছে বন দফতর
জলাভূমির গুরুত্ব এক কথায় অপরিসীম। এখানে বহু পাখির আনাগোনা লেগে থাকে। সেই জলাভূমি বাঁচাতে এবার নতুন রোজগারের পথ খুলল বন দফতর।
জঙ্গল, জলাভূমি যে কোনও জায়গার পরিবেশ ও পশুপাখির জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীকে সবুজে ভরে রাখতেও এর বিশাল অবদান রয়েছে। সেই জলাভূমি রক্ষায় এবার এক রাজ্যের বন দফতর বিশেষ উদ্যোগ গ্রহণ করল।
বন আধিকারিকরা আপাতত জলাভূমি রক্ষায় গুরুত্ব দিয়েছেন। নল সরোবর বার্ড স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ ডিভিশনে জলাভূমি রক্ষা করে পাখিদের নিশ্চিন্ত বসবাসের আবহ তৈরি করতে এবার গুজরাট বন বিভাগের তরফে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রামসর জলাভূমি রক্ষা করতে সেখানে এক অফার নিয়ে এসেছে বন দফতর। গ্রামবাসীরা যাতে এখানে জমতে থাকা প্লাস্টিক সংগ্রহ করে জলাভূমিটির পরিবেশ রক্ষায় উৎসাহ পান সেজন্য অর্থের একটা হাতছানি রেখেছেন বন আধিকারিকরা।
গ্রামবাসীরা জলাভূমিতে পড়ে থাকা প্লাস্টিকের জঞ্জাল খুঁজে তা সংগ্রহ করতে পারলে তার জন্য একটি অর্থ পাবেন। সংগৃহীত জঞ্জাল প্লাস্টিকের বিনিময়ে টাকা পাবেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের সেই সংগ্রহ করা প্লাস্টিক জঞ্জাল নিয়ে প্লাস্টিক ওয়েস্ট কালেকশন সেন্টারে পৌঁছে দেবেন বন দফতরের কর্মীরা। এতে এই জলাভূমি পাখিদের বাসযোগ্য হয়ে উঠবে।
এই প্রকল্পের জন্য ২ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই উদ্যোগের হাত ধরে ১২ হাজার হেক্টর জুড়ে থাকা এই জলাভূমির বাস্তুতন্ত্র তার জায়গা ফিরে পাবে।
জলার আশপাশের গ্রামে থাকা গ্রামবাসীরাও এখানে জমা প্লাস্টিক সংগ্রহ করায় উৎসাহ পাবেন। এই পক্ষী অভয়ারণ্যে ২৭০ রকমের পাখি পাওয়া যায়। মোট পাখির সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












