National

কয়েক সেকেন্ডে ভেসে গেল বিশাল ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন, মাঝে বইছে উত্তাল নদী

দেশের একাংশে এবার দেখা গেল কীভাবে কাদা জলের দানবীয় তোড় কয়েক সেকেন্ডে ভাসিয়ে নিয়ে যায় একটা বিশাল ব্রিজকে। বিচ্ছিন্ন হয়ে গেল গোটা এলাকা।

মাঝখান দিয়ে বইছে প্রলয়ঙ্কর জলরাশি। উথালপাতাল করছে জল কাদার মিশ্রণ। পাহাড়ি এলাকা। মাঝে বয়ে যাওয়া নদীর জল যাই করুক, ২ পারের মধ্যে যোগাযোগ ধরে রেখেছিল একটা ব্রিজ। লোহার সেতু। ছোটখাটো নয়। বিশাল ব্রিজ। পাহাড়ি এলাকায় যেমন লোহার ব্রিজ থাকে তেমন।

একটানা বৃষ্টিতে নদীর জল উত্তাল হয়ে মোচার খোলের মত ভাসিয়ে নিয়ে গেল সেই ব্রিজকে। লোহার ওই বিশাল কাঠামো অসহায়ের মত ভেসে যেতে থাকল জলের তোড়ে। এমন এক দৃশ্যের সাক্ষী হলেন অনেকে।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হয়েই চলেছে। চামোলি জেলার নিতি উপত্যকায় এই ব্রিজটি ২ প্রান্তের মধ্যে একমাত্র যোগাযোগের কাজ করছিল। ২ প্রান্তের মধ্যে মানুষের যোগসূত্রের কাজ করছিল সেতুটি।

এখন সেই সেতুই ভেসে গেছে। ফলে মূল ভূখণ্ডের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ওই প্রান্তের মানুষকে এপারে আসার জন্য এখন অপেক্ষা করতে হবে।

আপাতত ২ পারের মানুষকেই নদীর ধারেকাছেও আসতে নিষেধ করা হয়েছে। নদীর জল যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলেই ধারনা করছে প্রশাসন।

প্রসঙ্গত গত রবিবার থেকেই উত্তরাখণ্ডের অধিকাংশ অংশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তা হয়েই চলেছে। ইতিমধ্যেই সমস্যায় পড়েছে দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাওয়াত। এদিকে অতিবৃষ্টি চলতে থাকায় পাহাড়ে ধস নামার সম্ভাবনা বেড়েই চলেছে। ফলে পাহাড়ি এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে।

Show Full Article
nilkantho.in App