ভূতুড়ে কুয়ো, নিজে থেকেই ঢেউয়ের মত নড়ে চলেছে কুয়োর জল, দেখতে উপচে পড়ল ভিড়
এমন কুয়ো কেউ দেখেননি যার জল নিজে থেকেই নড়ে চলেছে। কেউ যে নাড়িয়েছে এমন নয়। নিজে থেকেই ঢেউয়ের মত নড়ছে জল। কারণ জানতে শুরু গবেষণা।
এমনিতে একটি সাধারণ গ্রাম। যেখানে অন্য গ্রামের মত একটি কুয়ো রয়েছে। বিশাল কুয়ো। সেই কুয়োর জল কানায় কানায় প্রায় ভরা। আর সেই জল নড়ে উঠছে। নড়তে শুরু করলে ২ দিনও নড়ে চলেছে। এমন আজব কাণ্ড কেন হচ্ছে তা কেউই বুঝতে পারছেন না।
একে ভূতুড়ে কাণ্ড হিসাবেই ব্যাখ্যা করছেন অনেকে। অনেকে আবার বলছেন ওই জায়গায় আগে ভূমিকম্প হয়েছে। সে কারণেও নড়ে থাকতে পারে। কিন্তু বিশেষজ্ঞেরা খতিয়ে দেখেছেন কোনও ভূমিকম্পের পরিস্থিতি তৈরিই হয়নি।
তা সত্ত্বেও বেশ জোরেই ঢেউয়ের মত একধার থেকে অন্য ধারে নড়ে চলেছে কুয়োর জল। দূর থেকে অনেকেই ভিড় জমিয়েছেন এমন ঘটনার সাক্ষী হতে। তবে কেউই প্রায় কাছে ঘেঁষছেন না। অনেকেই একে ভূতুড়ে কাণ্ড বলে মনে করছেন।
গুজরাটের মোরবির ভিরপারদা গ্রামের এই ঘটনার কথা সমাজ মাধ্যমেও আলোড়ন ফেলে দিয়েছে। কেউ নড়াচ্ছে না, মাটির তলায় কোনও ভূমিকম্পের মত কিছু ঘটেনি, তা সত্ত্বেও কেন এভাবে জল নড়ে উঠছে তা জানতে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞেরা।
তবে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে এই আশ্চর্য ঘটনার কারণ স্পষ্ট করা হয়নি। এদিকে এই কুয়োর জল নড়া দেখতে গ্রামের মানুষ তো বটেই, সেই সঙ্গে খবর পেয়ে অনেক দূর দূর থেকে মানুষ হাজির হচ্ছেন এই গ্রামে। অবাক হয়ে দেখছেন কুয়োর জলের এই হিল্লোল।












