সমুদ্রের ধারে এবার বিনামূল্যে ৪৫ মিনিট ইন্টারনেট, কোথায় পাওয়া যাবে এই সুবিধা
সমুদ্রের ধারে ইন্টারনেট পরিষেবা পাওয়ার সুবিধা দিতে চলেছে দেশের অন্যতম সমুদ্র শহর। দৈনিক ৪৫ মিনিটের ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে পাবেন সকলে।
সমুদ্রের ধারে বেড়ানোর সময় পর্যটকেরা ছবি পাঠান, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিও কল করেন, অনলাইনে কোথায় প্রয়োজনে টাকাও পাঠান, ইন্টারনেটে তথ্য খোঁজেন এবং আরও অনেক দরকারে লাগে ইন্টারনেট। এই সব সুবিধা ভারতের অন্যতম সমুদ্র শহরের সমুদ্রসৈকতে গেলে বিনামূল্যে পাবেন সকলে।
এই সুবিধা পাওয়া যাবে চেন্নাইয়ের সমুদ্রসৈকতে। এখানে সমুদ্রের ধার ধরে ১০৭টি ওয়াইফাই স্মার্ট পোল তৈরি করছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন। যার মধ্যে চেন্নাইয়ের বিখ্যাত মারিনা বিচের ধারেই বসছে ৭৫টি পোল।
এছাড়া বেসান্ত নগরে ২০টি এবং তিরুভানমিয়ুরে ১০টি পোল বসতে চলেছে। এয়ারটেল সংস্থা এই ওয়াইফাই সুবিধা দিতে চলেছে। প্রতি ফোনে দৈনিক ৪৫ মিনিট করে ইন্টারনেট পেতে পারবেন গ্রাহকরা।
সমুদ্রের ধারের এই ওয়াইফাই মোবাইল ফোনের সঙ্গে জুড়ে তাঁরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
চেন্নাইয়ের সাধারণ মানুষ, যাঁরা সমুদ্রের ধারে বেড়াতে আসবেন বা পর্যটকরা যাঁরা অন্য কোথাও থেকে চেন্নাই বেড়াতে এসেছেন, তাঁরা সকলেই এই সুবিধা ভোগ করতে পারবেন।
আজকের যুগে যখন প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জুড়ে গেছে ইন্টারনেট পরিষেবা, সেখানে এমন সুবিধা অনেক মানুষের দরকারে লাগবে। পর্যটনও এতে উৎসাহ পাবে।
পর্যটকরা জানবেন চেন্নাইতে বেড়াতে গেলে সমুদ্রের ধারে ঘোরার সময় পাওয়া যাবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। যে ভাবনা আধুনিক এবং সময়োপযোগী বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












