মাঠ ভরা ধনে মাঠেই নষ্ট করে দিচ্ছেন কৃষকরা, কেন এমনটা করছেন তাঁরা
অনেক কষ্ট করে, খরচ করে তবে একজন কৃষক মাঠে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করেন। সেখানে ধনে চাষ করে ফসল তোলার জায়গায় মাঠেই নষ্ট করে দিচ্ছেন ধনে চাষিরা।
ধনে ফলাতে অনেক কৃষকই মোটা অঙ্কের বিনিয়োগ করেছিলেন। প্রচুর বীজ কিনেছিলেন। জলসেচ করেছিলেন। কীটনাশক ছড়িয়েছিলেন। মাঠে চাষ করার জন্য কর্মী নিয়োগ করেছিলেন। সব মিলিয়ে খরচ কম নয়।
মধ্যপ্রদেশের অনেক জায়গাই ধনে চাষের জন্য বিখ্যাত। সেখানে ধনে চাষ এবারও ভালই হয়েছিল। কিন্তু যখন ফসল ঘরে তোলার কথা তখন সেই পাকা ফসল মাঠেই নষ্ট করে দিচ্ছেন ওই কৃষকরা।
ধনে চাষিদের দাবি, তাঁরা যে খরচ করে ধনে চাষ করেছিলেন তার বিনিময়ে ধনে বিক্রি করে কোনও টাকাই পাচ্ছেন না তাঁরা। মান্ডিতে ১ কেজি ধনে ১ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি ধনে চাষ করতে তার চেয়ে অনেক বেশি টাকা তাঁদের খরচ হয়ে গেছে। সেখানে কেজি প্রতি মাত্র ১ টাকা পেয়ে তাঁদের লাভ নেই।
চরম ক্ষতির মুখে যখন পড়তেই হয়েছে তখন তাঁরা আর ১ টাকার বিনিময়ে ধনে বিক্রিতে রাজি নন। তারচেয়ে সেগুলি মাঠেই নষ্ট করে দিতে চাইছেন তাঁরা। আর সেটা করতে গিয়ে মাঠের পর মাঠ ভরা ধনে নষ্ট করে চলেছেন কৃষকরা।
প্রসঙ্গত মধ্যপ্রদেশে ধনের উৎপাদন নজর কাড়া। গুনা আর নিমাচ হল ধনের জন্য বিখ্যাত। মুলতাইতেও ভাল ধনে উৎপাদিত হয়। এদিকে গুনার কুম্ভরাজ ধনের বিরাট সুনাম। যা বিদেশে রফতানি হয়। ধনে ছাড়া মধ্যপ্রদেশে শুকনো লঙ্কা, আদা এবং রসুন উৎপাদন হয় যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












