National

বৃষ্টিতে ভিজে ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসে রইলেন ৩ নার্স

ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তারমধ্যেই সারাদিন ধরে একটি ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসে রইলেন প্রতিবাদী ৩ নার্সিং স্টাফ।

আশ্চর্য এক দৃশ্যের সাক্ষী হলেন অনেকে। একটি অনেক উঁচু জলের ট্যাঙ্ক। ৯০ ফুট উঁচু। সেই জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসে আছেন ৩ জন। ২ জন পুরুষ এবং ১ জন মহিলা। শুধু বসে নেই, সেই ঝুঁকি নিয়ে বসে থাকা আরও ঝুঁকিপূর্ণ হয়েছে দফায় দফায় নামা বৃষ্টিতে।

কিছুক্ষণ অন্তরই ঝমঝম করে বৃষ্টি নামছে। ফলে ট্যাঙ্কের মাথাটা পিচ্ছিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় সেখানে বসে থাকাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। মাথায় ছাতাও নেই।

এভাবে সারাদিন ধরে বসে রইলেন ৩ জন। প্রশাসনের তরফ থেকে অনেক অনুরোধ করা হয় তাঁদের। যাতে তাঁরা নেমে আসেন। কিন্তু তাঁদের দাবি না মানা হলে তাঁরা নামবেন না বলে জানিয়ে দেন ওই নার্সরা।

কি তাঁদের দাবি? বিমল শর্মা, রবিন শর্মা এবং সঞ্জিতা চৌধুরি, ৩ জনেরই বয়স ৩০ বছরের আশেপাশে। তাঁদের দাবি তাঁদের স্থায়ীরকরণ করে নিয়োগপত্র হাতে দিতে হবে।

শুধু তাঁদের বলেই নয়, ৩ জনের দাবি ১২ হাজার নার্সিং অফিসার পোস্টের নিয়োগ নিশ্চিত করতে হবে। এই দাবিতে তাঁরা রাজস্থানের জয়পুরের জয়পুরিয়া হাসপাতালের মধ্যে থাকা ওই ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে বসেন।

৩ জনের এই অভিনব প্রতিবাদ বাকি স্থায়ী নার্সিং স্টাফদেরও সমর্থন আদায় করে নিয়েছে। তাঁদেরও দাবি, অনেকবার তাঁরা রাজ্যসরকারের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App