National

উদ্বোধনের ১ মাসও হয়নি, অনেক জায়গায় ফাটল, ভাঙন, বেহাল নতুন এক্সপ্রেসওয়ে

বহু প্রতীক্ষিত একটি এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ১ মাস পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল। অনেক জায়গায় উঠে গেল পিচ। তৈরি হল গর্ত।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে উদ্বোধন হয়েছিল এই এক্সপ্রেসওয়ের। গত ১৩ জুলাই উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল ধুমধাম করে। চালু হয়েছিল অনেকদিন আশা করে থাকা একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ের।

সেই সবে উদ্বোধন হওয়া এক্সপ্রেসওয়ে ১ মাসও কাটল না। তার আগেই রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হল ফাটল। অনেক জায়গায় উঠে গেল পিচ। বেরিয়ে পড়ল গর্ত। যা দেখার পর রেগে আগুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।

যে সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে এনএইচএআই। তারা কাজ শুরুও করেছে। চলছে সারাই। এই কাজের জন্য সরকারের তরফ থেকে ১ টাকাও দেওয়া হবেনা বলেও ওই রাস্তা তৈরি করা সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে।

লখনউ কানপুর এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পর অনেক মানুষই মনে করেছিলেন এই পথ তাঁদের যাতায়াতকে আরও সুগম করল। দ্রুত পৌঁছনো যাবে গন্তব্যে। রাস্তা সুন্দর হলে গাড়িও নিশ্চিন্তে গতি পাবে।

কিন্তু সেই বহু প্রতীক্ষিত পথের উদ্বোধনের ১ মাসেরও আগে যা হাল হল তা দেখে হতবাক সকলেই। একটা নতুন তৈরি হওয়া এক্সপ্রেসওয়ের যে এমন হাল হতে পারে তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

পিএনসি ইনফ্রাটেক নামে সংস্থা এই পথ তৈরির দায়িত্বে ছিল। রাস্তাটি তৈরি করতে ৪ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App