National

জ্যান্ত কুমির কাঁধে নিয়ে থানায় হাজির কৃষক

তাঁর কাঁধে ঝুলছে আস্ত কুমির। কুমিরটি বেঁচে আছে। সেই জ্যান্ত কুমির নিয়ে এক কৃষক হাজির হলেন থানায়। এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষীও হলেন বহু মানুষ।

ধানক্ষেতে চাষের কাজে ব্যস্ত ছিলেন কৃষকরা। সেই সময় আচমকাই তাঁদের নজরে পড়ে এক হাড় হিম করা দৃশ্য। ধানক্ষেতে ঢুকে পড়েছে একটি কুমির। কৃষকরা তখন পালানোর চেষ্টা করতেই পারতেন। জীবনের ঝুঁকি নেওয়া মুশকিল।

কিন্তু কৃষকরা তা করলেন না। তাহলে কি বন দফতরে খবর দিলেন? না, সে সময় তাঁদের হাতে ছিলনা। তারমধ্যে কুমির যে কোনও কিছু ঘটাতে পারত।

তাই কৃষকরা নিজেরাই সে কুমিরকে সাহসের সঙ্গে পাকড়াও করেন। বেঁধে ফেলেন কুমিরটির মুখ। এখানেই শেষ নয়। এবার সেই কুমির নিয়ে থানায় যাওয়ার পালা।

বিহারের সুপৌল জেলার লালপুর গ্রামের কৃষক অমিত কুমার সেই কুমিরটিকে নিজের কাঁধে তুলে নেন। ৫ ফুটের সেই কুমিরটিকে কাঁধে ঝুলিয়ে তিনি রাস্তায় হাঁটা শুরু করেন। প্রথমে গন্তব্য ছিল স্থানীয় বন দফতরের অফিস। সেখানে কাউকে না পেয়ে ওই কৃষক কুমির নিয়ে হাজির হন স্থানীয় থানায়।

রাস্তা দিয়ে একজন কুমির কাঁধে করে হেঁটে যাচ্ছেন। এটা দেখার পর বহু মানুষই থমকে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ছবি তুলতে শুরু করে দেন। যা পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এদিকে ওই কৃষক কিন্তু কুমিরটিকে কাঁধ থেকে নামাননি। কুমির নিয়ে সোজা হাজির হন থানায়। থানা থেকে এরপর বন দফতরে ফোন করা হয়। এদিকে এই পুরো সময়ে কুমিরটিকে পাকড়াও করে থানায় নিয়ে গেলেও সেটির কোনও ক্ষতি হয়নি।

Show Full Article
nilkantho.in App