National

অ্যানালগ পনির বিক্রি করা যাবেনা, দ্বিতীয় রাজ্যেও জারি কড়া নিয়ম

পনির খেতে অনেকেই পছন্দ করেন। পনিরের আবার ধরন আছে। অ্যানালগ পনির বিক্রি করা একেবারে নিষিদ্ধ করে দিল এক রাজ্য। এই নিয়ে দ্বিতীয় রাজ্য এই পদক্ষেপ করল।

পনির কমবেশি সকলেরই পছন্দের। তবে যাঁরা নিরামিষভোজী তাঁদের মেনুতে পনিরের একটা বড় জায়গা থাকে। পনিরের নানারকম পদ রয়েছে। দৈনন্দিন রান্নাতেও অনেকে একটু পনির ব্যবহার করে সেগুলিকে আরও সুস্বাদু করে তোলেন।

পনিরের নানা পদ সাধারণ মানুষের হেঁশেল থেকে কর্পোরেট দুনিয়ার লাঞ্চ, ডিনার, হাই টি-তে জায়গা পায়। সেই পনিরের আবার নানা ধরন রয়েছে। যারমধ্যে একটি হল অ্যানালগ পনির।

যা উৎপাদন, বিক্রি, মজুত রাখা, কোথাও পাঠানো, বণ্টন বা প্রক্রিয়াকরণ, কোনও কিছুই করা যাবেনা মহারাষ্ট্রে। রাজ্যের ফুড সেফটি কমিশনার স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে সম্পূর্ণ নিষিদ্ধ অ্যানালগ পনির।

এরপর যদি কাউকে তা বিক্রি, প্যাকেটবন্দি করা, উৎপাদন করা, বণ্টন করার সঙ্গে যুক্ত পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। যদি কেউ ধরা পড়েন তাহলে তাঁর ৬ মাস কারাবাস এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এখন প্রশ্ন হল অ্যানালগ পনির কি? অ্যানালগ পনির হল বিশেষভাবে তৈরি পনির যা দুগ্ধজাত নয়, মানে কৃত্রিমভাবে এই পনির তৈরি করা হয়। এমন পনির আর মহারাষ্ট্রে তৈরি বা বিক্রি করা যাবেনা। এর আগে ছত্তিসগড়ে অ্যানালগ পনির নিষিদ্ধ করা হয়েছিল। ছত্তিসগড়ই ছিল দেশের প্রথম রাজ্য যেখানে অ্যানালগ পনির উৎপাদন বন্ধ করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App