ভারতের মাটিতে পাওয়া গেল অদ্ভুত চেহারার ডাইনোসরের খোঁজ
ভারতের মাটিতে একসময় ডাইনোসর যে ঘুরে বেড়াত তা আগেই জানা গিয়েছিল। তবে এবার যে ডাইনোসরের খোঁজ পাওয়া গেল তা অদ্ভুত দর্শন।
এমন ডাইনোসর যে কখনও ভারতের মাটিতে ঘুরত তা জানতে পেরে অবাক বিজ্ঞানীরাও। এমনিতেই তার আশ্চর্য চেহারা কিছুটা অবাক করেছে বিজ্ঞানীদের। গুজরাটের কচ্ছের কালা দুঙ্গার এলাকা থেকে যে জীবাশ্ম উদ্ধার হয়েছে তা থেকেই এই ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে।
তবে একটা ডাইনোসরের সম্পূর্ণ জীবাশ্ম এখানে পাওয়া যায়নি। অনেকগুলি খণ্ডে পাওয়া গেছে। শরীরের নানা অংশের জীবাশ্ম ওই জায়গা থেকে উদ্ধার হওয়ার পর সেগুলিকে সাজান গবেষকেরা। তবেই এই ডাইনোসরের খোঁজ পাওয়া যায়। যাকে বিজ্ঞানীরা বলছেন সোরোপডস ডাইনোসর।
তবে একটা জায়গায় তাঁরা একটু অবাক হচ্ছেন। আর তা তার চেহারা দেখে। ডাইনোসরটি ২৩ ফুটের মত। লম্বা গলার এই সোরোপডস ডাইনোসর এতটা ছোট চেহারার হতনা। তাহলে কি এটি পূর্ণ বয়স্ক ছিলনা? সে প্রশ্নও উঠছে।
ভারতের মাটিতে এই ডাইনোসর আনুমানিক ১৯ কোটি বছর আগে ঘুরে বেড়াত বলে মনে করছেন গবেষকেরা। তবে সেটাই সর্বোচ্চ। সময়টা তার চেয়ে কিছুটা কমও হতে পারে।
তারা ঘুরে বেড়াত জুরাসিক যুগের সময়। তবে ভারতে যে এমন ডাইনোসরের বাস ছিল সেটাই বিজ্ঞানীদের অবাক করেছে। এই জীবাশ্ম উদ্ধারের পর সে খবর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে।
ডাইনোসর নিয়ে গবেষণারত বিশ্বের তাবড় বিজ্ঞানীরা ভারতে পাওয়া এই ডাইনোসর নিয়ে চর্চা শুরু করেন। এর আগে চিনে এমন ডাইনোসরের খোঁজ পাওয়া গিয়েছিল।











