পাপড়ি ছড়িয়ে নতুন পদ্ম ফুটতে চলেছে নবাবের শহরে
এক নতুন পদ্ম ফুটতে চলেছে। ফুটবে নবাবের শহরে। চোখ ধাঁধানো হতে চলেছে তার রূপ। ইতিমধ্যেই তার জন্ম নেওয়ার রূপরেখা তৈরি।
একদম এক নতুন পদ্ম ফুটতে চলেছে লখনউ শহরে। এ পদ্ম ফুটতে শুরু করবে সামনের বছরের শুরু থেকে। ক্রমে তা সময়ের সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। যা কেমন দেখতে হবে তার একটি ছবি সামনে এসেছে।
২০০ একর জমির ওপর তৈরি হবে এই পদ্ম। তৈরি হবে লখনউয়ের অত্যন্ত বর্ধিষ্ণু এলাকায়। কিন্তু কি এই পদ্ম? এ প্রশ্ন মনে আসতেই পারে। উত্তরপ্রদেশ বিধানসভার নতুন ভবন হতে চলেছে এই পদ্ম।
পদ্মের রূপে তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানভবন। বিজেপির প্রতীক পদ্ম। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্বে ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন বিধানভবন সেই বিজেপির প্রতীকের আদলেই তৈরি হতে চলেছে।
অপরূপ এই নতুন পদ্মরূপ সামনে আসার পর অনেকেই চোখ সরাতে পারেননি। এক বিশালত্ব ও সৌন্দর্য মিলেমিশে যেতে চলেছে এই নতুন বিধানসভা ভবনে। যার কাজ আগামী বছরের শুরুতেই শুরু হয়ে যাবে বলে স্থির হয়েছে।
ঠিক কোথায় হবে এই ভবন নির্মাণ তা স্পষ্ট করে জানা না গেলেও সংবাদ সংস্থা আইএএনএস সূত্র মারফত জানাচ্ছে এটি তৈরি হতে পারে গোমতী নগরে।
পাপড়ি খোলা এই পদ্মরূপী ভবনটি তৈরি হলে তা যে লখনউ শহরের একটি অন্যতম স্থাপত্য নিদর্শন হতে চলেছে তা মেনে নিচ্ছেন উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা। পর্যটকদের জন্যও লখনউ শহরের একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে এই বিধানসভা ভবন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











