জলের তলায় শহর, ত্রাতা স্পাইডার-ম্যান, ছোটদের কোলে তুলে পার করাচ্ছেন জল
সাধারণ মানুষকে রক্ষা করে স্পাইডার-ম্যান। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় স্পাইডার-ম্যানের কীর্তি অনেকের জানা। এবার বাস্তব জীবনে দেখা পাওয়া গেল এমন এক স্পাইডার-ম্যানের।
চারধারে জল। প্রবল বর্ষণে জলের তলায় চলে গেছে শহরের বড় অংশ। অনেক জায়গায় জলের তলায় থাকা রাস্তার গর্ত দেখা না যাওয়া বড় সমস্যার কারণ হয়েছে। অনেক গাড়ি আটকে যাচ্ছে। মানুষ জল ভেঙে হাঁটতে গিয়ে গর্তে উল্টে যাচ্ছেন। ছোটদের তো আরও সমস্যা।
এই অবস্থায় সাধারণ মানুষ থেকে গাড়ি, সকলকেই পথ দেখাচ্ছেন স্পাইডার-ম্যান। জলের তলায় কোথায় গর্ত তা বলে দিচ্ছেন। এড়িয়ে যেতে বলছেন ওই জায়গা।
ছোটদের কাঁধে বা কোলে তুলে জল পার করে দিচ্ছেন। প্রবল বর্ষণকে তুচ্ছ করে কেবল মানুষকে সাহায্য করতে বৃষ্টির মধ্যে কাজ করে চলেছেন তিনি।
মহারাষ্ট্রে প্রবল বর্ষণে বানভাসি মুম্বই থেকে থানে। সর্বত্র শুধু জল আর জল। এই দুর্যোগে যেখানে প্রয়োজন না পড়লে মানুষ বাড়ি থেকে বার হচ্ছেন না, সেখানে কেবল মানুষকে সাহায্য করতে থানের স্পাইডার-ম্যান রাস্তায় থাকছেন।
থানের ভিওয়ান্ডি এলাকার বাসিন্দা শাদাব মোমিন স্পাইডার-ম্যানের পোশাকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ছোটদের আনন্দ দিচ্ছেন। উদ্ধারও করছেন। এর আগেও তাঁকে স্পাইডার-ম্যান সেজে এভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে।
এদিকে অতি প্রবল বর্ষণে মুম্বই ভাসছে। স্কুল বন্ধ। রাস্তায় গাড়ি চলাচল সীমিত। কারণ অনেক রাস্তায় গাড়ি জলের কারণে ঢুকতে পারছেনা। প্রশাসনের তরফেই মানুষকে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক অফিস ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। কয়েকজনের প্রাণও গেছে বানভাসি মুম্বইতে।













