National

এ প্রাণি এল কোথা থেকে, পড়শি রাজ্যে এই প্রথম দেখা মিলল আশ্চর্য প্রাণির

পূর্ব হিমালয়ে যে এরা থাকতে পারে সেটাই ভাবনার বাইরে ছিল। সিকিমে সেই প্রাণির দেখা পাওয়া গেল লুকোনো ক্যামেরায়। আশ্চর্য বন আধিকারিকরা।

সিকিমের মাঙ্গন জেলার লামো মালভূমি। পূর্ব হিমালয়ের দুর্গম স্থান। চারধারে পাহাড়। সেখানেই ১৭ হাজার ফুট উচ্চতায় একটি লুকোনো ক্যামেরায় দেখা পাওয়া গেল এমন এক প্রাণির যাকে এখানে এর আগে কেউ কখনও দেখেনি।

সিকিমে এ প্রাণি যে থাকতে পারে সে ধারনা বন আধিকারিকদেরও নেই। লুকোনো ক্যামেরা রাখা হয়েছিল স্নো লেপার্ডের দেখা পাওয়া যায় কিনা তা দেখতে। কিন্তু সেই ক্যামেরা যা দেখাল তা দেখে আশ্চর্য বিশেষজ্ঞেরাও।

২০২৫ সালে একদল গবেষক অরুণাচল প্রদেশে এই বেড়াল প্রজাতির প্রাণির প্রথম দেখা পান। সেটাই ছিল ভারতে এই প্রাণির প্রথম দেখা। প্রাণিটির নাম ইউরেশিয়ান লিংস। বেড়াল জাতীয় প্রাণি হলেও তাদের কান ২টি খাড়া হয়। ছোট লেজ। গায়ের দাগ দেখে আবার এদের অনেকে বাঘ বলেও ভুল করেন।

আদপে এটি বনবিড়ালের একটি প্রজাতি। একদম অন্য দর্শন এই প্রাণির এবার দেখা পাওয়া গেল সিকিমে। পূর্ব হিমালয়ে যে এ প্রাণি ক্রমে ছড়িয়ে পড়ছে তা সিকিমে তার দেখা পাওয়া থেকেই পরিস্কার। এই প্রাণির দেখা পাওয়া হিমালয়ের একটা উচ্চতার বাস্তুতন্ত্রের ছবিটাও অনেকটা পরিস্কার করল বিশেষজ্ঞদের সামনে।

ইউরোপ, মধ্য এশিয়া, সাইবেরিয়াতে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া তিব্বত মালভূমিতেও এদের দেখা পাওয়া যায়। সিকিমে এই প্রাণির প্রথম দেখা পাওয়ার পর উচ্ছ্বসিত বন আধিকারিকরা।

Show Full Article