National

ভারতীয় বিমান পরিষেবায় যুগান্তকারী সাফল্য, গগনের হাত ধরে মাটি ছোঁবে যাত্রীবাহী বিমান

দেশে বিমান ওঠানামার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বলা যেতেই পারে। এভাবেও যে বিমান অবতরণ সম্ভব তা এবার দেখতে পাওয়া গেল।

ভারত জুড়ে পরিবহণ ক্ষেত্রে বিমানের একটা বড় ভূমিকা রয়েছে। ভারতের মধ্যে বিভিন্ন স্থানে তো বটেই, এমনকি যাত্রী নিয়ে বিদেশেও যাচ্ছে দেশের বিমান। বিমান ওঠানামার নিয়মও একটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলে।

কিন্তু আগামী দিনে এখনকার পদ্ধতির আর দরকার পড়বে না। এখন বিমান অবতরণ করে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম মেনে। বিমানবন্দরে থাকা গ্রাউন্ড বেসড রেডিও ইকুইপমেন্ট কাজে লাগিয়ে হয় অবতরণ।

কিন্তু তার আর প্রয়োজন পড়বে না। এবার ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ একাজ করবে। তারই পরীক্ষা হল। আর সে পরীক্ষা সাফল্যও পেল।

ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ হল ভারতের প্রথম কমার্শিয়াল জেট যা এই পরীক্ষার অংশ হল। বিমানটিকে অবতরণ করানো হয় কৃত্রিম উপগ্রহ নির্ভর গগন ন্যাভিগেশন সিস্টেমের হাত ধরে। গগন বা জিএজিএএন বা জিপিএস-এডেড জিও-অগমেন্টেড ন্যাভিগেশন হল এমন পদ্ধতি যা নিখুঁত এবং নির্ভুলভাবে বিমানটিকে অবতরণের সময় নির্দেশ দেবে।

এতে বিমানবন্দরের কোনও বিশেষ যন্ত্রাংশের দরকার পড়বে না। এটি একাধারে সুরক্ষিত এবং নির্ভুল অবতরণ করাবে। ফলে এতদিন যে পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, তা হয়তো আগামী দিনে আর দরকার পড়বে না।

এছাড়া যেসব বিমানবন্দরে গ্রাউন্ড বেসড রেডিও ইকুইপমেন্ট নেই সেখানে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে অনায়াসেই বিমান অবতরণ সম্ভব হবে। সম্পূর্ণ দেশিয় এই গগন প্রযুক্তিকে যৌথভাবে তৈরি করেছে ইসরো ও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article