National

বিখ্যাত প্যাংগং লেকের জলে গাড়ি চালিয়ে বিপদ ডাকলেন পর্যটকেরা

লাদাখের বিখ্যাত প্যাংগং লেক। সেই প্রকৃতির বুকে নীল শান্ত লেকের জল তোলপাড় করে ছুটল গাড়ি। এমন কাজ করে রেহাই পেলেননা পর্যটকেরা।

লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হিমালয়ের এই রূপ একদম অন্যরকম। শান্ত প্রকৃতির স্নিগ্ধ, শীতল এবং আনকোরা প্রকৃতি এখানে অদ্ভুত শান্ত এবং অপরূপ। তার মাঝেই রয়েছে প্যাংগং লেক।

অনেক সিনেমার পর্দায় এই প্যাংগং লেক দেখেছেন অনেকেই। আর যাঁরা সেখানে পৌঁছেছেন তাঁদের দেখেও যেন আশ মেটেনি। সেই নীল শান্ত প্যাংগং লেকের জলের সব শান্তি কেড়ে নিলেন কয়েকজন পর্যটক।

প্যাংগংয়ের জলে নেমে গাড়ি চালালেন তাঁরা। জলের ধার ঘেঁষে ছুটল গাড়ি। যা নজরে পড়ে যায় সেখানে টহলরত আধিকারিকদের। দ্রুত সেই গাড়ি আটক করা হয়। পর্যটকদের ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

ওই জরিমানার অঙ্ক মেটানোর পর গাড়ি ফেরত পান তাঁরা। শান্ত প্যাংগংকে অশান্ত করাই নয়, জল দূষিতও হয়েছে এই কাণ্ডে। এখানকার প্রকৃতি যতটাই সুন্দর, ততটাই পলকা। ফলে এই প্রকৃতির সঙ্গে এমন আচরণ করলে দ্রুত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার প্রকৃতির।

কেবল প্যাংগং লেকের জলে গাড়ি চালানোই নয়, চাংথাং কোল্ড ডেজার্ট স্যাংচুয়ারিতেও একটি গাড়িকে এভাবে প্রকৃতি নষ্ট করতে দেখা গিয়েছে। সেখানেও দ্রুত পদক্ষেপ করে বন্যপ্রাণ বিভাগ।

এভাবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ থেকে গাড়ি নিয়ে আসা পর্যটকেরা আইন ভঙ্গ করে জরিমানার মুখে পড়ছেন। সব মিলিয়ে ৪টি গাড়িকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোট জরিমানা উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা। সেই সঙ্গে এটা লাদাখে ঘুরতে আসা সব পর্যটকের কাছেই একটা দৃষ্টান্ত হয়ে রইল।

Show Full Article