National

গাছেই পেকে নষ্ট হচ্ছে আম, পাড়ছেন না কৃষকরা, বাজারে পৌঁছচ্ছে না বিখ্যাত আম

গাছেই ফেলে রেখে নষ্ট হতে দেওয়া হচ্ছে বিখ্যাত আম। তা পাড়ায় বিন্দুমাত্র উৎসাহ দেখাচ্ছেন না কৃষকরা। বিক্রি করার কোনও চেষ্টাই করছেননা তাঁরা।

আমের মরসুমে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আমে রসনা তৃপ্তির আশায় থাকেন দেশবাসী। এমনই এক অতি পরিচিত প্রজাতির আম বিশাল এলাকা জুড়ে পচে নষ্ট হচ্ছে। কিন্তু আম চাষিরা তা গাছ থেকে পাড়ছেন না। বিক্রির চেষ্টাও করছেননা। তাতে তো ক্ষতি! সে ক্ষতি স্বীকার করেও এমন কাজ কেন করছেন তাঁরা? এর উত্তর ভেসে বেড়াচ্ছে তামিলনাড়ুর মাদুরাইতে।

এখানকার তোতাপুরি আম সারা দেশে বিখ্যাত। এই আমের ভাল ফলনের জন্য কৃষকদের প্রাথমিকভাবে মোটা অঙ্কের পুঁজি বিনিয়োগ করতে হয়। তারপর ফল হলে তা বিক্রি করে মুনাফা ঘরে তোলেন তাঁরা।

কিন্তু এবার আমবাগান থেকে আম বিক্রি করতে গিয়ে যে দাম তাঁরা পাচ্ছেন, তাতে তাঁদের পাহাড় প্রমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ৩ থেকে ৪ টাকা কেজি দরে আমবাগান থেকে আম বিক্রি করতে হচ্ছে তাঁদের। যে দাম পেয়ে তাঁদের মুনাফার মুখ দেখা আর হচ্ছেনা।

এদিকে বাজারে এই আমই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সেই লাভের গুড় কৃষকদের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। তাই তাঁরা বিক্রিই করছেননা আম। গাছেই তা নষ্ট হতে দিচ্ছেন।

চলতি বছরে তোতাপুরির ফলন ভাল হলেও এই আমের চাহিদা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তেমন নেই। এই সংস্থাগুলি তোতাপুরি কেনায় তেমন উৎসাহ দেখাচ্ছে না।

পড়ে থাকে সাধারণ বাজার। সেখানে এবার এত বেশি আমের জোগান যে সেখানেও আমেরা চাহিদা সেভাবে তৈরি হচ্ছেনা। সব মিলিয়ে মাদুরাইয়ের বড় অংশের তোতাপুরি আম চাষিদের মুখে হাসি নেই। মুনাফার আশায় যত্ন করে ফলানো আম গাছেই পচিয়ে নষ্ট করছেন তাঁরা। উপযুক্ত দামের অভাবে বিক্রি করার পথেই হাঁটছেন না তাঁরা।

Show Full Article