National

দেশের জোড়া ফলন মটরশুঁটি ও সিঙ্গারা ফল পেল অনন্য সম্মান

জায়গাটি ভারতের মানচিত্রে পরিচিত নাম। সেখানকার মটরশুঁটি ও সিঙ্গারা ফল অর্জন করল অনন্য সম্মানের মুকুট। যার হাত ধরে চাহিদা এবার আকাশ ছোঁবে বলেই আশা কৃষকদের।

ভারত কৃষিপ্রধান দেশ। ফলে কৃষিজ উৎপাদনের একটা আলাদা স্থান রয়েছে। দেশের এক এক জায়গার এক একটি কৃষি উৎপাদন বিখ্যাত। এমনভাবেই বিখ্যাত মধ্যপ্রদেশের জব্বলপুরের কড়াইশুঁটি এবং সিঙ্গারা ফল।

জব্বলপুরের মাটি অত্যন্ত উর্বর। নর্মদা উপত্যকার মাটির গুণে এখানকার কড়াইশুঁটি এবং সিঙ্গারা ফল বিখ্যাত। শুধু স্থানীয়ভাবেই নয়, সারা দেশেই জব্বলপুরের এই ২ উৎপাদনের চাহিদা রয়েছে। চলতি বছরে তা আরও বেড়েছে।

এই ২টির অনন্য স্বাদের জন্য নর্মদার জলের গুণও কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞেরা। যা এর স্বাদ যেমন বাড়ায় তেমনই বাড়ায় গুণগত মান। উচ্চমানের কড়াইশুঁটি ও সিঙ্গারা ফল উৎপাদিত হয় এখানে।

এখানে স্পষ্ট করে দেওয়া ভাল যে সিঙ্গারা ফল বলতে কিন্তু বিকেল হলে চায়ের সঙ্গে বাঙালির প্রিয় সিঙ্গারা বা ভারতের নানা প্রান্তে খ্যাত সামোসা-র কোনও সম্পর্ক নেই।

জব্বলপুরে সিঙ্গারা মানে পানিফল। বাংলায় যাকে পানিফল বলে সেটাই জব্বলপুরে বিখ্যাত সিঙ্গারা নামে। পানিফলে শিংয়ের মত থাকে অথবা ফলটি দেখতে ছোট সিঙ্গারার মত বলেই হয়তো এই নাম।

জব্বলপুরের সেই সিঙ্গারা বা পানিফল এবং মটরশুঁটি এবার অর্জন করল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এমনিতেই জব্বলপুরের মটরশুঁটি এবং পানিফল দেশ বিখ্যাত।

এই জিআই ট্যাগ এই ২ উৎপাদনের বিক্রি আরও বাড়িয়ে দেবে। তাছাড়া কৃষকরা এর হাত ধরে আগামী দিনে আরও বেশি মুনাফার মুখ দেখবেন। যা তাঁদের জীবন জীবিকার জন্য অবশ্যই এক সদর্থক ইঙ্গিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article