National

জঞ্জালে ভর্তি নালায় নেমে জন্মদিনের কেক কাটলেন বিজেপি কাউন্সিলর

নালার জল অত্যন্ত দূষিত। অস্বাস্থ্যকর পরিবেশ। সেই পচা নর্দমার জলের নালার মাঝে দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটলেন এক বিজেপি কাউন্সিলর। এটাই ছিল তাঁর প্রতিবাদের ধরণ।

যে নালার আশপাশেও যেতে চাইবেন না কোনও মানুষ, সেই নালার মধ্যে নেমে নোংরা জল ও আবর্জনার মধ্যে দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটলেন এক বিজেপি কাউন্সিলর। সেই নালার ওপরই একটি গোল টেবিলে পাতা হয়েছিল সাদা ধবধবে চাদর। সামনে ছিল একটি কেক।

পরনে সুন্দর পোশাক। মাথায় গোলাপি পাগড়ি। তাঁকে একটি গাঁদার মালাও পরিয়ে দেন তাঁর অনুগামীরা। কাউন্সিলরের এই অভিনব জন্মদিন পালন দেখতে তখন আশপাশের বহু মানুষ ভিড় জমিয়েছেন। অনেকেই হাততালি দিয়ে তাঁর প্রতিবাদকে সমর্থন জানান।

ঘটনাটি ঘটেছে তাজমহলের শহর আগ্রায়। আগ্রার নিউ বিজয় নগর কলোনির এই দূষিত নালা পরিস্কার নিয়ে আগ্রার ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কিষণ নায়েক দাবি করেছেন তিনি বারবার আগ্রা পৌরসংস্থার কাছে আবেদন জানিয়েছেন। প্রসঙ্গ টেনেছেন স্বচ্ছ ভারত অভিযানেরও। কিন্তু এতকিছু করেও ফল হয়নি।

চিঠির পর চিঠি, আবেদনের পর আবেদন করেও বিফলই হতে হয়েছে তাঁকে। তিনি যেখানকার পৌরপিতা সেই এলাকায় রয়েছে একটি বিশাল নালা। যার জল অতীব দূষিত। নালার নোংরা জল এবং অফুরান আবর্জনা সাফ না হওয়ায় ওই তথাকথিত বস্তি এলাকার মানুষজন চরম অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।

তাঁদের সুরাহা দিতে এবং সার্বিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে ওই বিজেপি পৌরপিতার আবেদন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। অগত্যা স্মার্ট সিটি কর্তৃপক্ষ এবং আগ্রার পৌরসংস্থার নজর কাড়তে তিনি এমন এক পদক্ষেপ করলেন। যা এখন আর আগ্রা নয়, সারা দেশে খবরে পরিণত হয়েছে।

Show Full Article