National

দরিদ্রের ফল থেকে স্বাস্থ্যকর ফল, কাঁঠালের অন্য পরিচিতির লক্ষ্যে ছুটছে এক রাজ্য

কাঁঠাল এই রাজ্যে দরিদ্রের খাবার বলেই পরিচিত। তবে তা যে শুধু দরিদ্রের খাবার নয়, একটি অতি স্বাস্থ্যকর খাবার, সেকথা জানাতে বিশেষ উদ্যোগ নিল ঈশ্বরের আপন দেশ।

ভারতে কাঁঠাল উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই পাওয়া যায়। বাংলায় একেবারে কাঁচা অবস্থায় এঁচোড় থেকে ফল হিসাবে পেকে ওঠা কাঁঠাল, সবই জনপ্রিয়। একইভাবে তা জনপ্রিয় কেরালাতেও।

কেরালায় কাঁঠালকে আবার দরিদ্রের ফল বলে ব্যাখ্যা করা হয়। কারণ কাঁঠাল যে কারও পক্ষে কেনা এবং বেশ প্লেট ভরে খাওয়া কেরালায় বড় একটা শক্ত বিষয় নয়।

অনেক কাঁঠাল। সে কাঁঠাল খাওয়ার লোকেরও অভাব নেই। তবে কেবলই কি এটা দরিদ্রের ফল হয়ে থেকে যাবে? কাঁঠালের আর কোনও পরিচয় থাকবেনা?

কেরালা সরকার কিন্তু তেমনটা মনে করছেনা। বরং কেরালা সরকারের লক্ষ্য হল কাঁঠালের স্বাস্থ্যকর দিকটাও মানুষের সামনে তুলে ধরা যাতে কাঁঠালের উপকারিতা সম্বন্ধেও তাঁরা জানতে পারেন। এজন্য উদ্যোগী হয়েছে কেরালা সরকার।

কেরালায় কাঁঠাল নানাভাবে খাওয়া হয়। কেউ খান সিদ্ধ করে। কেউ আবার তা দিয়ে মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন। কেউ আবার খান তরকারি করে। এমনকি কাঁঠালের চিপসও সেখানে বেশ জনপ্রিয়। আবার কাঁঠাল দিয়ে কেরালায় জ্যামও তৈরি হয়।

সব মিলিয়ে কেরালার ঘরে ঘরে কাঁঠালের কদর রয়েছে। কিন্তু কাঁঠালের স্বাস্থ্যকর ও ওষধিগুণ সম্বন্ধে অনেকেরই জানা নেই। সেই তথ্যই এবার সকলের কাছে পৌঁছে দিতে চায় কেরালা সরকার।

এমনকি কাঁঠালের গুণ সাধারণ মানুষ থেকে রোগী সকলের জন্য কতটা প্রয়োজনীয় তা রীতিমত আলোচনা সভা করে তুলে ধরার প্রচেষ্টা শুরু হয়েছে কেরালায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article