জাতীয় সড়কে যানজট এড়াতে আগামী দিনে দেখা যাবেনা রাস্তার ধারের চেনা দৃশ্য
জাতীয় সড়ক ধরে যেতে যেতে অনেকসময়ই রাস্তার ২ ধারে নজরে পড়া চেনা ছবি এবার বদলে যেতে চলেছে। যানজট এড়াতে কড়া ব্যবস্থার উদ্যোগ।
জাতীয় সড়ক ধরে অনেকেই যাতায়াত করেছেন। দূরে কোথাও সড়কপথে যেতে গেলে জাতীয় সড়ক বড় ভরসা। এই জাতীয় সড়ক ধরে যেতে যেতে অনেকসময়ই রাস্তার ধারের ধাবা নজর কাড়ে। যেখানে খাবার খাওয়ার জন্য ট্রাক থেকে গাড়ি সবই দাঁড়ায়।
এমন অগুন্তি ধাবা ছড়িয়ে আছে জাতীয় সড়কের ধার ধরে। এরমধ্যে অনেকগুলিই বেআইনি। এমন বেআইনি ধাবা চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই।
ছোট বড় প্রচুর ধাবা জাতীয় সড়কের ধারে গজিয়ে উঠেছে যেখানে খাবার জন্য লম্বা ট্রাকের লাইন পড়ে যায়। ট্রাকগুলি জাতীয় সড়কের ওপরই দাঁড়িয়ে থাকে। ফলে সড়ক ধরে যাতায়াতে অসুবিধা সৃষ্টি হয়।
এভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকের সারির জন্য যেমন যানবাহনের গতি কমে, তেমন যানজটের সৃষ্টি হয়। এমনকি অনেক সময় দুর্ঘটনা ঘটলেও তার পিছনেও এই দাঁড়িয়ে থাকা ট্রাক কারণ হিসাবে সামনে আসে।
আগামী দিনে নির্দিষ্ট করে দেওয়া পথ ছাড়া আর যাতে ট্রাকগুলি যেখানে সেখানে দাঁড়িয়ে না পড়তে পারে সেজন্য কড়া অবস্থান নিয়েছে এনএইচএআই। জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা যাবতীয় বেআইনি ধাবা গুঁড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি জাতীয় সড়কে কোনও ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সেজন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, রিকভারি গাড়ির ব্যবস্থা, জাতীয় সড়ক জুড়ে টহল বাড়ানো, ক্যামেরা নজরদারি বাড়ানো সহ অনেকগুলি বিষয়ে জোর দেওয়ার পথে হাঁটতে চলেছে এনএইচএআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











