স্থান মাহাত্ম্যে জিআই ট্যাগ পেল এই কলা, বিদেশে আরও বিক্রি বৃদ্ধির রাস্তা খুলল
ভারতের নানা প্রান্তেই কলা হয়। মিষ্টি ও সুস্বাদু কলার জন্য এর একটি জায়গার কলা পেয়ে গেল জিআই ট্যাগ। যা সেখানকার কৃষকদের বিশ্বজয়ের ভবিষ্যতে মশগুল করেছে।
ভারতে নানা প্রান্তেই কলা হয়। কলার আবার প্রকারভেদ রয়েছে। নানাধরনের কলা পাওয়া যায় ভারতে। পশ্চিমবঙ্গেও কলার উৎপাদন নেহাত কম নয়। তবে তাদের মিষ্টি ও সুস্বাদু কলার জন্য এবার মধ্যপ্রদেশের বুরহানপুরের কলা অর্জন করল জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ।
বুরহানপুর জুড়েই প্রচুর কলাবাগান রয়েছে। এখানকার কলা চাষ বিখ্যাত। প্রচুর কলা উৎপাদন হয় এই বুরহানপুরে। এখানকার অনেক কৃষক কলা চাষের সঙ্গে যুক্ত। অগুন্তি কলাবাগানে যে কলা হয় তার বিশেষ একটি প্রকার রয়েছে। যা অতি সুস্বাদু এবং সুমিষ্ট।
এতদিন দেশের বিভিন্ন প্রান্তে বুরহানপুরের কলার চাহিদা তো ছিলই, পাশাপাশি বুরহানপুরের কলার কদর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকায় সেখানে এই কলার চাহিদাও নজর কাড়ত।
তবে এই জিআই ট্যাগ অর্জন করার পর বিশ্বের আরও অনেক দেশ বুরহানপুরের কলা নিতে উৎসাহ দেখাবে বলেই মনে করা হচ্ছে। এতে এখানে কলা চাষের সঙ্গে যুক্ত কৃষকদের হাসি চওড়া হয়েছে।
দেশ ও বিদেশে এই কলার চাহিদা আরও বৃদ্ধির হাত ধরে আর্থিক সমৃদ্ধির উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তাঁরা। দেশ ও আন্তর্জাতিক স্তরে জিআই ট্যাগ থাকায় কৃষকরা তাঁদের উৎপাদিত কলার দাম আরও বেশি ধার্য করতে পারবেন।
তাছাড়া জিআই ট্যাগ পেয়ে যাওয়ার পর কলার বাজারে নকল কলার জন্য যে ক্ষতি এতদিন সহ্য করতে হত, তা আগামী দিনে আর হবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











