National

দেশে তৈরি হল কর্কটক্রান্তি বিজ্ঞান পার্ক, মিলেমিশে একাকার বিনোদন ও বিজ্ঞান

ভারতের ওপর দিয়ে গিয়েছে কাল্পনিক ভৌগলিক রেখা কর্কটক্রান্তি। সেই কর্কটক্রান্তির খুঁটিনাটির সঙ্গে বিনোদনকে একসঙ্গে জুড়ে দিল একটি অভিনব পার্ক।

পৃথিবীর ভূগোলকে বুঝতে এবং তার খুঁটিনাটি হিসাব রাখতে বিজ্ঞানীরা অনেকগুলি কাল্পনিক রেখা পৃথিবীর ওপর এঁকে নিয়েছেন। এই রেখা বাস্তবে না থাকলেও তাদের গুরুত্ব অপরিসীম।

এমনই এক কাল্পনিক রেখা কর্কটক্রান্তি। যা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে। বিভিন্ন দেশের সঙ্গে এই রেখা ভারতের ওপর দিয়েও গেছে। ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে গেছে এই রেখা। যার একটি রাজ্য পশ্চিমবঙ্গ।

এছাড়া গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়েও এই রেখা গিয়েছে। কর্কটক্রান্তি রেখার গুরুত্ব সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে গুজরাটের সবরকান্তা জেলার সালাল গ্রামে তৈরি করা হয়েছে কর্কটক্রান্তি বিজ্ঞান পার্ক। একটি এমন অভিনব ভাবনা যা সকলকে কর্কটক্রান্তি রেখার তাৎপর্য সম্বন্ধে সমৃদ্ধ করবে। আবার পার্কে আসার বিনোদনও উপভোগ করতে পারবেন।

৫৯৩০ বর্গ মিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অন্য ভাবনার পার্কটি। ভৌগলিক এবং জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে ধারনা সকলের কাছে অনেকটা স্পষ্ট করতে পারবে এই পার্ক।

২ মাস হল তৈরি এই পার্কের জনপ্রিয়তা তাই বেড়েই চলেছে। গরমের ছুটিতে তা আরও বাড়বে বলেই মনে করছেন এই পার্কের সঙ্গে যুক্ত আধিকারিকরা।

পার্কটি তৈরি করতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভাবনার বিকাশ ও আধুনিক বিজ্ঞানের ক্ষমতা সম্বন্ধে তাদের অবহিত করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকদিন ধরেই পরামর্শ দিচ্ছেন। এই কর্কটক্রান্তি পার্ক তাঁর সেই ভাবনাকে আরও একধাপ এগিয়ে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article