বিশ্বজুড়ে রয়েছে ৭ প্রকার বড় বেড়াল, ভারতকে গর্বিত করে যার ৫ প্রকার রয়েছে এ দেশেই
বিশ্বজুড়ে সব মিলিয়ে ৭ ধরনের বড় বেড়াল বা বিগ ক্যাট রয়েছে। যার ৫ প্রকার বিগ ক্যাট ভারতে পাওয়া যায়। এটা দেশের জন্য অবশ্যই গর্বের বিষয়।
বিশ্বে ৫৫টি এমন দেশ আছে যেখানে বাঘ এবং সিংহের দেখা পাওয়া যায়। সব মিলিয়ে বিগ ক্যাটের এমন ৭টি প্রকার রয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তালিকাভুক্ত। এগুলি হল বাঘ, সিংহ, জাগুয়ার, লেপার্ড, স্নো লেপার্ড, চিতা এবং পিউমা। এদের রক্ষা করতে বিশ্বজুড়েই চেষ্টা চলছে।
এজন্য ভারতে হতে চলেছে একটি সম্মেলন। জুন মাসের ১ এবং ২ তারিখ এই সম্মেলন অনুষ্ঠিত হবে গুজরাটের শাসন গির-এ। সেখানেই হবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট ২০২৬। যেখানে বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে এই ৭ ধরনের বিগ ক্যাটদের সুরক্ষার ব্যবস্থা করবে বলে স্থির হতে চলেছে। যার নাম দেওয়া হবে দিল্লি ডিক্লারেশন।
এই সম্মেলন নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় বন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান ভারতের জন্য এটা গর্বের যে বিশ্বের ৭ ধরনের বিগ ক্যাটের ৫টিই ভারতে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, লেপার্ড, স্নো লেপার্ড এবং চিতা। ভারতে পাওয়া যায়না কেবল জাগুয়ার এবং পিউমা।
ভারতের গির অরণ্য বিখ্যাত সেখানকার সিংহের জন্য। যাকে বিশ্ব চেনে এশিয়াটিক লায়ন নামে। সেখানে এখন সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯১টিতে। এখানে সিংহরা যাতে তাদের বসবাসের জন্য আরও জায়গা পায় তার জন্য তাদের থাকার জায়গা আরও বাড়ানো হয়েছে।
বিশ্ব কেবল মানুষের থাকার জায়গা নয়। যাবতীয় প্রাণের থাকার জায়গা। তাই তাদের রক্ষা নিশ্চিত করা আবশ্যিক। বদলাতে থাকা জলবায়ু, বাড়তে থাকা পরিকাঠামো যাতে জঙ্গলের ক্ষতি না করে, যাতে বন্যপ্রাণিরা তাদের আশ্রয় থেকে বঞ্চিত না হয়, এমন সব দিকই এই সম্মেলনে আলোচিত হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











