National

বিশ্বের সেরা ২০টি শিল্প সংস্কৃতির শহরে জায়গা পেল ভারতের শহর

বিশ্বের সেরা শিল্প ও সংস্কৃতির ২০টি শহরের নাম প্রকাশিত হল। যে তালিকায় নাম রয়েছে অতি পরিচিত ভারতীয় শহরেরও।

বিশ্বজুড়ে নানা এমন শহর রয়েছে যার শিল্প সংস্কৃতির কথা চর্চিত হয় সর্বত্র। শিল্প ও সংস্কৃতি সেসব শহরের পরিচিতি। পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশ্বজুড়ে এমন অনেক শহর থাকলেও তার মধ্যে থেকে প্রথম ২০টি শহরকে ২০২৬ সালের জন্য বেছে নিয়েছে টাইম আউট ম্যাগাজিন।

সেই শহরের তালিকায় ভারতেরও একটি শহর জায়গা পেয়েছে। এ শহরের নাম অবশ্য সকলের চেনা। তালিকার ১৮ তম স্থান দখল করেছে এই ঐতিহাসিক শহর। তবে নামটা কলকাতা নয়।

যে শহর জায়গা পেয়েছে তার খ্যাতি তার ঐতিহাসিক কেল্লা, অসাধারণ হস্তশিল্প, বছর জুড়ে নানা উৎসব, চোখ ধাঁধানো হোটেলের জন্য। গোলাপি শহর নামে খ্যাত ভারতের এই শহরের নাম জয়পুর। যেখানে পর্যটকদের দেখা পাওয়া যায় বছরভর। যেখানকার মিনাকারীর কাজও সকলের জানা।

এখানে যে দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে তার মধ্যে রয়েছে হাওয়া মহল, অম্বর দুর্গ, যন্তর মন্তর, সিটি প্যালেস, নাহারগড় কেল্লা, জল মহল, বাপু বাজার সহ আরও অনেক কিছু।

এখানকার বাজারও পর্যটকদের আকর্ষিত করে। বিশ্বের সেরা ২০টি শিল্প সংস্কৃতির শহরের তালিকায় ভারতের গোলাপি শহর জয়পুরের জায়গা পাওয়া অবশ্যই ভারতীয়দের জন্য গর্বের।

এই তালিকায় ১ নম্বরে জায়গা পেয়েছে লন্ডন শহর। এরপর একে একে রয়েছে প্যারিস, নিউ ইয়র্ক, বার্লিন, কেপটাউন, মেলবোর্ন, সাও পাওলো, মাদ্রিদ, ফ্লোরেন্স, ক্র্যাকাও, তাইপেই, মারাকেশ, কোপেনহেগেন, গুয়াদালাজারা, আথেন্স, কায়রো, বেজিং, জয়পুর, চিয়াংমাই এবং লিসবন।

Show Full Article