Business

রান্নার গ্যাসের দাম বাড়ল, সিলিন্ডার প্রতি বাড়ল ২৯ টাকা

রান্নার গ্যাসের দাম ফের বাড়ল। পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে সামনে রেখে মার্চের পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ২৯ টাকা করে বাড়ল দাম।

পশ্চিম এশিয়ার সমস্যাকে সামনে রেখে গত ৭ মার্চ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বাড়িয়েছিল তেল সংস্থাগুলি। ৩ মাস পর ফের একবার দাম বাড়াল তারা। এবার বাড়ল সিলিন্ডার প্রতি ২৯ টাকা করে।

১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর কলকাতায় রান্নার গ্যাসের দাম প্রায় পৌঁছে গেল হাজার টাকার কাছে। কলকাতায় রান্নার গ্যাসের নতুন দাম হল ৯৬৮ টাকা। যা রবিবার থেকেই কার্যকর হয়েছে। মার্চে দাম বাড়ার পর কলকাতায় রান্নার গ্যাসের দাম হয়েছিল ৯৩৯ টাকা।

দিল্লিতে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ টাকা। গত মার্চে রান্নার গ্যাসের দাম বাড়ার পর দিল্লিতে দাম দাঁড়িয়েছিল ৯১৩ টাকা। ২৯ টাকা বেড়ে এবার হল ৯৪২ টাকা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াল।

পশ্চিম এশিয়ার সমস্যার কারণে বিশ্ব জুড়েই জ্বালানির দাম চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। মাস যত কাটছে ততই জ্বালানি নিয়ে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। শুধু রান্নার গ্যাস বলেই নয়, পেট্রোল ডিজেলের দামও কয়েক দফায় বাড়িয়েছে তেল সংস্থাগুলি। প্রধানমন্ত্রী দেশের মানুষকে জ্বালানি খরচের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। যতটা সম্ভব কম জ্বালানি খরচ করতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি শান্ত না হলে যে আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে তার ইঙ্গিত স্পষ্ট। রান্নার গ্যাস থেকে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি সেই সংকেতই বহন করছে।

Show Full Article