বিশ্বের খুশির শহরের তালিকায় প্রথম ১০-এ জায়গা পেল ভারতের জনপ্রিয় শহর
বিশ্বের খুশির শহর বা হ্যাপিয়েস্ট সিটি অফ দ্যা ওয়ার্ল্ড-এর তালিকায় প্রথম ১০-এ জায়গা পেল ভারতের ১টি জনপ্রিয় শহর।
বিশ্বের খুশির শহরের তালিকা প্রকাশ করল টাইম আউট ম্যাগাজিন। বিশ্বের এই অতি পরিচিত ম্যাগাজিন ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে আনন্দে থাকা শহরের তালিকা প্রকাশ করেছে। যে তালিকার প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে ভারতের একটি শহর।
ষষ্ঠ স্থান অর্জন করেছে ভারতীয় পর্যটক তো বটেই এমনকি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ এই গোলাপি শহর। যে তালিকা প্রকাশিত হয়েছে তার প্রথম স্থানে রয়েছে ব্রিটেনের বাথ শহর।
দ্বিতীয় স্থানে রয়েছে পানামা-র পানামা সিটি। তৃতীয় হয়েছে মেক্সিকোর গুয়াদালাজারা। বিশ্বের চতুর্থ খুশির শহর নির্বাচিত হয়েছে কলম্বিয়ার মেডেলিন। এরপর পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের শহর ক্র্যাকও।
ষষ্ঠ স্থান দখল করেছে ভারতের শহর জয়পুর। যা বিশ্বের মানুষের কাছে গোলাপি শহর বলেও খ্যাত। ১৭২৭ সালে মহারাজা সোওয়াই দ্বিতীয় জয় সিং তৈরি করেন এই জয়পুর শহর।
ভারতের জয়পুরের পরে সপ্তম স্থানে রয়েছে আমেরিকার শিকাগো। অষ্টমে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। নবম স্থানে রয়েছে চিনের সাংহাই। তালিকায় দশম স্থান অর্জন করেছে সুইডেনের গোথেনবার্গ।
কীভাবে বাছাই হয় বিশ্বের কোন শহর খুশির শহরের তালিকায় এগিয়ে থাকবে? এজন্য নির্বাচকরা অনেকগুলি বিষয়ে জোর দেন। যেমন সে শহরের সংস্কৃতি, খাবার, রাত্রি জীবন, কতটা সবুজ এলাকা রয়েছে শহরে।
এছাড়া সার্বিকভাবে শহর জীবনে খুশির মাত্রাও আন্দাজ করার চেষ্টা করা হয়। এসব ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে আসা হয়। ভারতের জয়পুরের এই তালিকার প্রথম ১০-এ জায়গা করে নেওয়া অবশ্যই ভারতীয়দের কাছে গর্বের বিষয়।











