বিশ্বসেরা ঠান্ডা মিষ্টির তালিকায় প্রথম ১০-এ ভারতের জিভে জল আনা খাবার
গরমকে পরাস্ত করে শরীর ও মনের শান্তির জন্য ঠান্ডা মিষ্টি নানা দেশেই জনপ্রিয়। যা ঠিক আইসক্রিম নয়। তারই প্রথম ১০-এ ভারতের ১, প্রথম ৫০-এ ২।
একে আইসক্রিম বলেনা। আইসক্রিমের সঙ্গে তুলনা করা হয়। কিছুক্ষেত্রে এগুলি তৈরিতে আইসক্রিমের ব্যবহারও হয়। তবে তা কেবলই আইসক্রিম নয়। একে বলা হয় কোল্ড ডেজ়ার্ট বা ঠান্ডা মিষ্টি। যা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই বিখ্যাত।
এমন নয় যে কেবল গরমের দেশেই এর জনপ্রিয়তা রয়েছে, তথাকথিত ঠান্ডার দেশেও এমন খাবার জনপ্রিয়। সেই বিশ্বসেরা কোল্ড ডেজ়ার্টের তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিল ভারতের অতি পরিচিত এক ঠান্ডা মিষ্টি।
যে প্রথম ৫০টির তালিকা প্রকাশ পেয়েছে তাতে ভারতের আরও একটি এমনই জিভে জল আনা খাবার জায়গা করে নিয়েছে। ফলে প্রথম ৫০-এ জায়গা পেয়েছে ভারতের ২ কোল্ড ডেজ়ার্ট।
তালিকার সপ্তম স্থানে জায়গা পেয়েছে ভারতের পছন্দের কুলফি। অতি ঘন দুধের সঙ্গে পেস্তা, বাদাম, কেশর, এলাচ এবং গোলাপ জলের মিশ্রণে জমাট বাঁধা ঠান্ডা কুলফির স্বাদ ভারতের প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দিয়েছে। রসনার সঙ্গে মনেরও আনন্দ মিশে যায় এই স্বাদে।
তবে এখানেই শেষ নয়। টেস্টঅ্যাটলাস যে তালিকা প্রকাশ করেছে তাতে এমন সেরা ৫০টি পদের নাম রয়েছে। যেখানে ৩৩ নম্বরে ঝলমল করছে ভারতের আরও এক এমন ঠান্ডা মিষ্টি। ভারতের কুলফি ফালুদা জায়গা পেয়েছে তালিকার ৩৩ নম্বরে।
এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ব্রিটেনের ক্লটেড ক্রিম আইসক্রিম। যা আইসক্রিমের সঙ্গে দুধ ও ক্রিম সহযোগে তৈরি করা হয়। দ্বিতীয় স্থান পেয়েছে ইতালির গেলাতো আল পিস্তাচিও। তৃতীয় স্থানে রয়েছে তুরস্কের দন্দুরমা।
চতুর্থ স্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রোজেন কাস্টার্ড। পঞ্চম স্থানে রয়েছে পেরুর ক্রিমোলাদা। ষষ্ঠ স্থানে ফের ইতালির অন্য একটি কোল্ড ডেজ়ার্ট জায়গা করে নিয়েছে। এটির নাম গেলাতো আলা নোক্কিওলা। এরপরই সপ্তম স্থানে রয়েছে ভারতের কুলফি।













