National

বিখ্যাত নদীর জলে আবিষ্কার হল কাক মাছ, কাক নামকরণের কারণ রয়েছে

ভারতের এক বিখ্যাত নদীর জলে পাওয়া গেল একটি একদম নতুন মাছ। যার নামকরণ করা হয়েছে কাক মাছ। কাক নামকরণের কারণও আছে।

নদীতে মাছ তো থাকবেই। ভারতে ছড়িয়ে রয়েছে নদী। আর তাতে ভেসে বেড়ায় নানা প্রজাতির মাছ। যার অধিকাংশ মাছই মৎস্য প্রেমীদের রসনা তৃপ্ত করে। এবার কাবেরী নদীর জলে একটি এমন মাছের দেখা পাওয়া গেল যা গবেষকদের এই প্রথম নজর কাড়ল।

ফলে তাকে নতুন মাছ আবিষ্কার হিসাবেই ধরা হচ্ছে। মাছটির নামকরণও হয়েছে। নাম দেওয়া হয়েছে কাক মাছ। নামটা অবশ্য বাংলায় কাক মাছ নয়। বরং কন্নড় ভাষায় কাগি মিনু। কন্নড় ভাষায় কাগি মানে কাক। তাই কাক মাছ।

এখন প্রশ্ন হল কেন এই মাছকে কাক মাছ বলা হচ্ছে? কাক মাছ নামকরণের পিছনে রয়েছে সহজ একটি কারণ। মাছটির গায়ের রং কালো। যেমন কাকের গায়ের রং হয়ে থাকে। সেটা মাথায় রেখেই এই মাছের নাম হয়েছে কাক মাছ।

ডার্ক লেবিও নামে একটি মাছের প্রজাতির দেখা পশ্চিমঘাট পর্বতমালার নদীতে পাওয়া যায়। সেই মাছেরই একটি ধরণ হল কাবেরী নদীর জলে পাওয়া এই নয়া কালো মিষ্টি জলের মাছ।

গতবছর কেরালার চন্দ্রগিরি নদীর জলেও এমন কালো মাছ পাওয়া গিয়েছিল। তবে তার ধরনের সঙ্গে কাবেরীতে পাওয়া মাছের ধরনের কিছুটা ফারাক আছে।

বিজ্ঞানীরা মনে করছেন পশ্চিমঘাটের নদীগুলিতে এখনও এমন অনেক মাছ রয়েছে যাদের খবর তাঁদের কাছে নেই। সেগুলি এখনও আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।

Show Full Article