National

শুরু বিপন্ন প্রজাতির কচ্ছপ দিয়ে, বন্যপ্রাণ রক্ষায় অভিনব উদ্যোগ ভারতের

বন্যপ্রাণ রক্ষায় এবার অভিনব এক উদ্যোগ গ্রহণ করল ভারত। যা এদেশে প্রথম। শুরু হল দেশের বিখ্যাত জঙ্গলে বিপন্ন প্রজাতির কচ্ছপ দিয়ে।

বন্যপ্রাণিদের নিশ্চিন্ত জীবন দেওয়া, তাদের রক্ষা করার দায়িত্ব মানুষের। সেই লক্ষ্যে বিশ্বজুড়েই কাজ চলছে। ভারতও পিছিয়ে নেই। এবার এদেশে এক অভিনব উদ্যোগ নেওয়া হল বন্যপ্রাণিদের রক্ষা করতে। যা ভারতে এই প্রথম।

শুরুটা হল বিপন্ন প্রজাতির কচ্ছপ দিয়ে। নাম গ্যাঞ্জেস সফটশেল টার্টল। এদের মাথাটা অনেকটা তিরের ফলার মত হয়। তাই এদের বলা হয় বোহেড টার্টল।

এই প্রজাতির কচ্ছপ অত্যন্ত বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। এই প্রজাতির একটি কচ্ছপকে কাজিরাঙার জঙ্গলে ছাড়া হয়েছে। ছাড়া হয়েছে প্রকৃতির বুকে।

তার আগে একটি পূর্ণবয়স্ক সুস্থ গ্যাঞ্জেস সফটশেল টার্টলকে ধরা হয়। তারপর তার শরীরে সেঁটে দেওয়া হয় স্যাটেলাইট ট্রান্সমিটার। একজন পশু চিকিৎসকের উপস্থিতিতেই পুরো কাজটি করা হয়। এরপর সেই কচ্ছপটিকে ফের তার চেনা প্রকৃতির বুকে ব্রহ্মপুত্র নদের উত্তর পারে ছেড়ে দেওয়া হয়।

ভারতে এই প্রথম বন্যপ্রাণি রক্ষায় স্যাটেলাইট ট্যাগিং শুরু করা হল। প্রথম ট্যাগিং হল ওই কচ্ছপটির শরীরে। যা তার গতিবিধি তো বটেই, সঙ্গে আরও নানা তথ্য সরবরাহ করবে।

প্রসঙ্গত ভারতে যে ৮ প্রজাতির সফটশেল টার্টল পাওয়া যায় তার ৫টি প্রজাতিই পাওয়া যায় অসমের জঙ্গলে। কচ্ছপ এমন এক প্রাণি যারা নদী, দিঘি বা পুকুরের বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করে। জল পরিস্কার রাখে। কারণ নদী হোক বা দিঘি বা পুকুর, জলে যদি কোনও পচনশীল প্রাণি দেহ থাকে তবে তা কচ্ছপরা খেয়ে নেয়। ফলে জল পরিচ্ছন্ন থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article