কৈলাস মানসসরোবর যাত্রা নিয়ে পুণ্যার্থীদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকলে বলল কেন্দ্র
কৈলাস মানসসরোবর যাত্রা চলছে। বহু পুণ্যার্থী ভারত থেকে এই পুণ্য তীর্থে অংশ নিচ্ছেন। ভারত থেকে যাওয়া পুণ্যার্থীদের সতর্ক করল কেন্দ্র।
কৈলাস মানসসরোবর যাত্রায় উৎসাহ নেহাত কম নয়। ভারত থেকে বহু পুণ্যার্থী তিব্বতের এই দুর্গম তীর্থে হাজির হচ্ছেন। এঁদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা বেসরকারি সংস্থার সঙ্গে কৈলাস মানসসরোবর পৌঁছচ্ছেন।
এই বেসরকারি ট্যুর অপারেটরদের সঙ্গে যাঁরা কৈলাস মানসসরোবর যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের বিশেষ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে বলল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
চিনে ঢোকার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ছাড়পত্র ও নথির প্রয়োজন পড়ে। এই সব নথি যতক্ষণ না তাঁদের হাতে আসছে, ততক্ষণ কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করতে পরামর্শ দিয়েছে মন্ত্রক। কারণ এই সমস্যার শিকার হতে হচ্ছে অনেক পুণ্যার্থীকে।
চিনের ভিসা সহ প্রয়োজনীয় নথি সঙ্গে না নিয়ে যাওয়া অনেক পুণ্যার্থী নেপালে আটকে রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রক। তাঁরা নেপালে আটকে যাওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রকের কাছে সাহায্য চেয়েছেন।
আগে যাত্রা শুরু করে তারপর প্রয়োজনে কাগজ জোগাড় করে নেওয়া যাবে, এই মানসিকতা নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু করতে বারণ করেছে মন্ত্রক। আগে কাগজপত্র সব হাতে নিয়ে তারপর যাত্রা করার পরামর্শই দেওয়া হয়েছে।
এমনকি পুণ্যার্থীরা যে বেসরকারি ট্যুর অপারেটরের সঙ্গে যাত্রা করবেন বলে স্থির করেছেন সেই সংস্থার আদৌ কৈলাস মানসসরোবর যাত্রা করানোর প্রয়োজনীয় ছাড়পত্র আছে কিনা বা তারা সঠিক কিনা তা যাচাই করে নিতে পুণ্যার্থীদের পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই প্রয়োজনীয় কাগজের অভাবে ৫২ জন পুণ্যার্থী নেপালের কাঠমান্ডুতে আটকে গিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













