আনাজ, মাছ, মাংস নয়, এই ফ্রিজে মানুষ থাকে, এল হিউম্যান রেফ্রিজারেটর
ফ্রিজে মানুষ আনাজ, মাছ, মাংস, ডিম, দুধ, রান্না করা খাবার, জল, ঠান্ডা পানীয় এবং আরও নানা খাদ্য সামগ্রি রাখেন। এ ফ্রিজে সেসব রাখা হয়না, রাখা হয় মানুষ।
ফ্রিজ বললেই খাবার সতেজ রাখার এমন এক যন্ত্রের ছবি সামনে ভেসে ওঠে যা ছাড়া যে কোনও পরিবার অচল। সেই ফ্রিজ মানুষ কেনেন তাতে খাদ্য সামগ্রি রাখার জন্য। নিজে তার মধ্যে ঢুকে থাকার জন্য নয়।
কিন্তু এবার এসে গেল এক অভিনব ফ্রিজ। যে ফ্রিজে খাদ্য সামগ্রি থাকেনা। থাকে মানুষ। অসহ্য গরম থেকে বাঁচতে এই হিউম্যান রেফ্রিজারেটর এখন চর্চায়।
জাপানে এখন অসহ্য গরম। অনেক জায়গায় ৪০ ছুঁয়েছে পারদ। অনেক মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাঁদের। জাপানের টোকিও শহরের অনেক অফিস ছোট হাফপ্যান্ট পরে পুরুষ কর্মীদের অফিস করায় ছাড়পত্র দিয়েছে।
এই গরম থেকে বাঁচতে একটি ফ্রিজ বানানোর সংস্থা এবার এক হিউম্যান রেফ্রিজারেটর তৈরি করেছে। অসহ্য গরম থেকে আসা ক্লান্ত মানুষ সেই ফ্রিজ বুথে ঢুকে চেয়ারে বসলে তাঁর শরীরের নানা অংশ যেমন মাথা, ঘাড়, কোমরের মত স্থানগুলিতে ৫ ডিগ্রির পারদের ঠান্ডা হাওয়া এসে লাগতে শুরু করবে। যা তাঁদের ৫ থেকে ১০ মিনিটের মধ্যে চাঙ্গা করে দেবে। মুছে দেবে শরীরের অতিরিক্ত উত্তাপ।
আপাতত বাণিজ্যিক ক্ষেত্র, অফিসে এই হিউম্যান রেফ্রিজারেটর বিক্রি নিয়ে ভাবছে সংস্থা। জাপানের সংবাদমাধ্যম জাপান টুডে-তে এই হিউম্যান রেফ্রিজারেটর সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলে দেয়।











