World

বিখ্যাত শহরে গরমে অফিসে ছোট হাফপ্যান্ট পরার অনুমতি পুরুষদের, ক্ষুব্ধ মহিলারা

প্রবল গরম। তাই পুরুষদের জন্য বিশেষ ছাড়। অফিসে কাজ করার সময় ছোট হাফপ্যান্ট বা শর্টস পরে আসতে পারবেন পুরুষরা। যা মেনে নিতে পারছেন না অনেক মহিলা।

গরম বাড়ছে। অনেকসময় দেশের অনেক জায়গায় তা ৪০ ডিগ্রিও ছুঁয়ে ফেলছে। এই অসহ্য গরমে যাতে সারাদিন অফিসে কাজ করতে সুবিধা হয় তাই পুরুষদের ছোট হাফপ্যান্ট বা শর্টস পরার অনুমতি দিয়েছে খোদ নগর প্রশাসন।

এটাই ঘটেছে জাপানের রাজধানী শহর টোকিওতে। টোকিও মেট্রোপলিটন সরকার পুরুষদের জন্য এই বিশেষ ছাড় দেওয়ায় অনেক পুরুষ কর্মী খুশি হয়েছেন। অফিসে শর্টস পরে আসতে পারবেন কাজে এটা জানার পর অনেকেই সেই পথে হাঁটছেন। কিন্তু আপত্তি জানিয়েছেন অনেক মহিলা।

মহিলারা অনেকে এক বিশেষ ধরনের হয়রানির প্রসঙ্গ সামনে এনেছেন। যাকে বলা হচ্ছে লেগ হেয়ার হ্যারাসমেন্ট। পুরুষরা সারাদিন অফিসে শর্টস পরে কাজ করলে তাঁদের পা দেখা যাবে। পা ভর্তি লোম দেখতে পাওয়া যাবে। যা একাংশের মহিলার কাছে একধরনের হয়রানি বলেই মনে হয়েছে।

সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন যে যদি কোনও পুরুষ কর্মী এভাবে শর্টস পরে অফিস করতে পারেন, তাহলে তাঁদের সারাদিন কেন টাইট পোশাক, লং স্কার্ট পরে অফিস করতে হবে? গরমে তাঁরা কেন ছাড় পাবেন না? পুরুষদের এই সুযোগ দেওয়া নিয়ে কার্যতই ক্ষুব্ধ মহিলা কর্মীদের একাংশ।

এদিকে জাপানে গরম বেড়েই চলেছে। জুলাইতে প্রবল গরমে পুড়ছে টোকিও সহ জাপানের সিংহভাগ। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে একটি বিশেষ অভিযান শুরু করেছেন। যার নাম দেওয়া হয়েছে টোকিও কুল বিজ ক্যাম্পেন। তার অংশ হিসাবেই পুরুষদের অফিসে শর্টস পরার অনুমতি। খবরটি বিবিসি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article
nilkantho.in App