World

‌১২০০ বছর আগে দূরবীন ছাড়াই বিভিন্ন গ্রহের গতিপথের হিসাব কষতেন সাদা বুকের শেয়াল

১২০০ বছর আগে হিসাব কষতে পারতেন শুক্র, মঙ্গলগ্রহের গতিপথের। তাও আবার দূরবীন ছাড়া। অসাধ্য সাধন করেছিলেন এক গণিতজ্ঞ।

আধুনিক দূরবীন কিংবা মহাকাশযান থাকা দুরস্ত, প্রায় ১২০০ বছর আগে গ্রহদের গতিবিধির জটিল হিসাব কষতেন একজন গণিতজ্ঞ। এতদিন তাঁর পরিচয় ছিল অজানা। এবার সেই মানুষটির নাম জানা গেল প্রাচীন দেওয়াল লিখন মারফত।

গুয়াতেমালার প্রাচীন শহর শুলতুনের একটি ঘরের দেওয়ালে আঁকা গণিতচর্চা সম্পর্কিত লেখালেখির পাঠোদ্ধার করে গবেষকেরা একটি নামের হদিশ পেয়েছেন। নামটি হল, সাক তাহন ওয়াক্স। বাংলায় যার অর্থ, সাদা বুকের শেয়াল।

২০১০ সালে আবিষ্কৃত ওই ঘরে দিনপঞ্জি এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত অগুন্তি দেওয়াল লিখন রয়েছে। এর মধ্যে ১১টি চিত্রলিপির একাংশ গবেষকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছে। সেখানেই মিলেছে ২ হাজার ৯২০ দিনের এক জটিল হিসাব।

এই হিসাব পৃথিবী থেকে দেখা শুক্রগ্রহের ৫টি পুনরাবৃত্তিচক্র এবং ৮টি সৌরবর্ষের সমান। এর পাশাপাশি রয়েছে মঙ্গলগ্রহের গতিবিধি এবং মায়া সভ্যতার বিভিন্ন দিন গণনার চক্রের সম্পর্কও। চমকপ্রদ বিষয় হল গণনার শেষে লেখা রয়েছে একটি বাক্য। যার অর্থ, এমনই বলেছেন। এরপর দেখা গিয়েছে ওই গণিতজ্ঞর নাম।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব বিষয়ক সাময়িকী অ্যান্টিকুইটিতে। গবেষকদের মতে প্রাচীন মায়াদের কাছে গণিত কেবল সংখ্যা মেলানোর মত বিষয় ছিলনা। গ্রহের চলন, সময়ের হিসাব এবং ধর্মীয় দিনপঞ্জিও ছিল গণনার সঙ্গে জড়িত।

তবে ওই গণিতজ্ঞ নিজেই দেওয়ালে হিসেবনিকেশগুলি লিখেছিলেন নাকি অন্য কেউ তাঁর কাজের স্বীকৃতি দিয়েছিলেন, এবিষয়টি এখনও নিশ্চিত নয়। এই আবিষ্কার প্রাচীন মায়া সভ্যতার সদস্যদের জ্যোতির্বিজ্ঞান নিয়ে অসাধারণ দক্ষতাকে নতুন করে সামনে এনেছে। পাশাপাশি জন্ম হয়েছে নয়া কৌতূহলের।

আধুনিক কোনও যন্ত্র ছাড়া হাজার বছরেরও আগে গ্রহদের গতিবিধি সম্পর্কে এত জটিল হিসাব মায়া সভ্যতার সদস্যরা কষতেন কীভাবে সেই প্রশ্নই প্রবলভাবে ভাবাচ্ছে গবেষকদের।

Show Full Article