রেলের মুকুটে নতুন পালক, একটি ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, পিছনে চিন, ফ্রান্স, ব্রিটেন
ভারতীয় রেলের মুকুটে এবার জুড়ল নতুন পালক। একটি ক্ষেত্রে তারা পিছনে ফেলে দিল চিন, জাপান, ফ্রান্স, ব্রিটেন সহ নানা দেশকে।
ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্ক। সারাদিনে দেশের বিভিন্ন প্রান্তে জালের মত ছড়িয়ে থাকা রেললাইন ধরে ছুটে চলেছে অনেক ট্রেন। যাত্রীদের পৌঁছে দিচ্ছে গন্তব্যে। সেই ভারতীয় রেলের ব্রডগেজ লাইনের কতটা অংশে বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়েছে?
এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে গর্বিত খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের ৯৯.৬ শতাংশ রেলপথের বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়েছে। বাকি আর যৎসামান্য অংশ।
হিসাব বলছে রেলপথের বৈদ্যুতিকরণের প্রশ্নে ভারত পৃথিবীতে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। যে দেশের ১০০ শতাংশ রেলপথেই বিদ্যুৎ সংযোগ রয়েছে। তারপর দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত।
ভারত দ্বিতীয় স্থানে মানে বাকি তাবড় রাষ্ট্র তার পিছনেই রয়েছে। চিনের ৮২ শতাংশ রেলপথ, জাপানের ৬৪ শতাংশ রেলপথ, ফ্রান্সের ৬০ শতাংশ রেলপথ, স্পেনের ৬৭ শতাংশ রেলপথ, ব্রিটেনের ৩৯ শতাংশ রেলপথের বৈদ্যুতিকরণ রয়েছে। যাদের তুলনায় ভারত অনেক এগিয়ে রয়েছে।
লোকসভায় উত্তর দিতে দিয়ে তাঁর লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান, যেখানে বিশ্বের অধিকাংশ দেশ তাদের ব্যস্ততম পণ্যবাহী রেল রুট এবং যাত্রী রুটের বৈদ্যুতিকরণেই জোর দিয়েছে, ভারত সেখানে তার সম্পূর্ণ ব্রডগেজ লাইনের বৈদ্যুতিকরণ অতি দ্রুত সেরেছে।
এতে লাভ কি হয়েছে? লাভ হয়েছে প্রভূত। বৈদ্যুতিকরণ হওয়ার ফলে রেল পরিবহণের জীবাশ্ম জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্য ভাবে কমানো গেছে। কমানো গেছে কার্বন নির্গমন। যা পরিবেশ রক্ষায় এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











