National

সুবর্ণরেখার ওপর দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন, অল্পের জন্য রক্ষা

হাওড়ার দিকে আসছিল ট্রেনটি। যাত্রীবোঝাই ট্রেনটি সুবর্ণরেখা নদী পার করছিল। আচমকা মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সে সময় অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি।

হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেস হাওড়ার দিকে আসছিল। তখন সকাল ৭টা। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চন্দ্রেখা গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদীর উপর দিয়ে তখন যাচ্ছিল গাড়িটি।

ব্রিজের ওপরই ছিল ট্রেনটি। সে সময় আচমকাই ওভারহেড তার ছিঁড়ে যায়। তারপর তা আছড়ে পড়ে ট্রেনের ছাদে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফলে নিজে থেকেই ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যাত্রীরা জানিয়েছেন তাঁরা একটি জোরে ফাটার মত আওয়াজ পান। তারপরই বিদ্যুতের ঝলকানি চোখে পড়ে।

হাইটেনশন বিদ্যুতের তার এভাবে ট্রেনের ছাদে ছিঁড়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু কাজ করে যায় রেলের সুরক্ষা বন্দোবস্ত। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এড়ানো যায় বড় বিপদ। তবে যাত্রী হয়রানি চরমে ওঠে।

ট্রেনের তার ফের লাগিয়ে তারপর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে ট্রেন চলাচল শুরু করা, এ যে দীর্ঘ সময়ের ব্যাপার তা পরিস্কার হয়ে যায় যাত্রীদের কাছে। তাই তাঁরা সময় নষ্ট না করে ব্রিজের ওপর নেমে লাইন ধরে হেঁটে ব্রিজ পার করেন।

তারপর কাছের হাইওয়েতে পৌঁছে সেখান থেকে সড়কপথে হাওড়া ফেরার ব্যবস্থা করেন। যা খুব সহজ কাজ ছিলনা। ফলে তাঁদের হয়রানি চরমে ওঠে। এদিকে ওই লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। রেলের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article