১ বছরে রেলযাত্রীদের ৫৮ কোটি খাবার দিল আইআরসিটিসি, এআই দিয়ে রান্নাঘরে নজর
যাঁরা ট্রেনে যাতায়াত করেন তাঁরা আইআরসিটিসি শব্দটার সঙ্গে ভালই পরিচিত। সেই আইআরসিটিসি ১ বছরে যাত্রীদের যত খাবার সরবরাহ করল তা অবিশ্বাস্য লাগতে পারে।
যাঁরা ভারতীয় রেল সম্বন্ধে খবর রাখেন তাঁদের কাছে আইআরসিটিসি শব্দটা অতিপরিচিত। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন-কে কাজে লাগিয়ে প্রতিদিন বহু মানুষ ঘরে বসে বিভিন্ন প্রান্তে যাওয়ার টিকিট কাটার সুবিধা পান। আবার ট্রেন যাত্রার সময় প্রয়োজনে খাবার নেওয়ার হলে আইআরসিটিসি-কে অনেকেই ভরসা করেন।
ট্রেনে যাত্রা করাকালীন আইআরসিটিসি থেকে খাবার অনেকের কাছেই পৌঁছে যায় সময়মত। সিটে বসেই সেই খাবার পেয়ে যান যাত্রীরা। সকলেই যে আইআরসিটিসি থেকে খাবার নেন তা না হলেও ট্রেন যাত্রীদের একটা বিশাল অংশ যে এই সংস্থাকেই ট্রেনে সফরকালে খাবার সরবরাহের সংস্থা হিসাবে বেছে নেন তা একটি সংখ্যা থেকেই পরিস্কার।
আইআরসিটিসি জানাচ্ছে, ১ বছরে তারা ৫৮ কোটি মিল পৌঁছে দিয়েছে যাত্রীদের কাছে। এই সংখ্যাটা অবশ্যই নজর কাড়া। যাত্রীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার আগে সেই খাবার যেখানে যেখানে রান্না হয় তেমন ৮০০টি রান্নাঘরে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা কাজে লাগিয়ে নজরদারি চলে। যাতে খাবারের গুণগত মানে আপস না হয়।
১ হাজার ৪০০টি দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছে আইআরসিটিসি। যদিও কিছু অভিযোগ আজও সামনে আসে আইআরসিটিসি-র দেওয়া খাবার নিয়ে।
আইআরসিটিসি কেবল খাবার সরবরাহই করেনা, রেলের অনলাইন টিকিটের দায়িত্বও এই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতেই। খতিয়ান বলছে দৈনিক ১৪ লক্ষ ৫৩ হাজার টিকিট আইআরসিটিসি দিয়ে কাটা হয়ে থাকে। রেলের টিকিটের ৮৯ শতাংশই কাটা হয় আইআরসিটিসি দিয়ে। অন্তত ২০২৫-২৬ সালের খতিয়ান তাই বলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











