একটা অধ্যায়ের সমাপ্তি, ৯০ হতে ১০ বাকি থাকতেই চলে গেলেন গ্যারি সোবার্স
তিনি নিজেই একটা অধ্যায়। ক্রিকেট বিশ্বের অন্যতম উজ্জ্বল অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স চলে গেলেন চিরঘুমের দেশে। শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া।
বাকি ছিল আর মাত্র ১০টা দিন। তাহলেই ৯০ বছর পূর্ণ করতেন তিনি। কিন্তু সেটা আর হল না। তার আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স।
ক্রিকেট যতদিন বাঁচবে ততদিন তার ইতিহাসের পাতায় একটা আলাদা অধ্যায় হয়ে বেঁচে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা। জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। রান করেছিলেন ৮ হাজার ৩২।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্বও বহুদিন সামলেছেন। বলেও কম প্রতিভার স্বাক্ষর রাখেননি তিনি। ঝুলিতে রয়েছে ২৩৫টি উইকেট। তিনিই প্রথম কোনও ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।
সোবার্স সম্বন্ধে বলতে গিয়ে কেবল ব্যাটিং এবং বোলিং নিয়ে বললেই চলবে না। তিনি ছিলেন এক অসামান্য ফিল্ডারও। একটা ম্যাচে ৬টি ক্যাচ ধরার রেকর্ডও রয়েছে তাঁর।
ক্রিকেট তার উজ্জ্বলতম রত্নকে হারাল, সোবার্সের প্রয়াণে সুনীল গাভাস্কারের ব্যাখ্যা এটাই। ১৯৭৪ সালে ক্রিকেটকে বিদায় জানান সোবার্স। অবসর নেন। ওয়ানডে ক্রিকেট সে সময় খেলা হতনা। তাই তাঁর রেকর্ডে একদিনের ক্রিকেট নেই।
বার্বাডোজে জন্ম নেওয়া সোবার্স ভারতেও খেলে গেছেন। ইডেনে ইতিহাস হওয়া মাঠে দর্শক ঢুকে পড়া, লাঠিচার্জ, বিশৃঙ্খলার দিন তিনি মাঠে ছিলেন।
১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৩৬৫ রানের ইনিংস বহুদিন পর্যন্ত ক্রিকেটে একটি ইনিংসে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান হয়ে ছিল। ১৯৯৪ সালে তাঁর দেশেরই আর এক উজ্জ্বল প্রতিভা ব্রায়ান লারা সোবার্সের সেই রেকর্ড ভেঙে দেন।