ক্রিকেট ২টি স্টাম্প দিয়ে খেলা হত, ৩টি স্টাম্প আসার পিছনে রয়েছে দারুণ এক কাহিনি
ক্রিকেটে ব্যাটসম্যানের পিছনে ৩টি স্টাম্প ও ২টি বেল দেখতে পাওয়া যায়। ক্রিকেট কিন্তু ৩টি নয়, ২টি স্টাম্প দিয়ে খেলা হত। নিয়ম বদলে গেল একটি ঘটনাকে সামনে রেখে।
ক্রিকেট খেলাটা ভারতীয়দের বোঝাতে হয়না। গলির মধ্যেও ৩টে লাঠি দিয়ে উইকেট তৈরি করে, চ্যালা কাঠকে ব্যাট বানিয়ে খেলতে নেমে পড়েন বিভিন্ন বয়সের মানুষ। ক্রিকেট মানে যে ৩টি উইকেট ও ২টি বেল তা এখন ছোট বাচ্চাও বলে দেবে। কিন্তু ক্রিকেট শুরু হয়েছিল ২টি উইকেট ও ১টি বেল দিয়ে।
ক্রিকেট জনপ্রিয়তা পেতে থাকে অষ্টাদশ শতক থেকে। ইংল্যান্ডে তখন ক্রিকেট খেলার প্রচলন খুব বেশি। তখন কিন্তু ২টি উইকেট দিয়েই খেলা হত। যে ২টি উইকেটের মাথায় থাকত ১টি মাত্র বেল।
১৭৭৫ সালে লন্ডন ক্রিকেট ক্লাবে ২টি দলের মধ্যে খেলা চলছিল। সেই সময় এক বোলার পরপর ৩টি বল করেন, যা ২টি উইকেটের ঠিক মাঝখান দিয়ে চলে যায়। কিন্তু ২টি উইকেট থাকায় মাঝে যে ফাঁক ছিল তাতে বলটি অনায়াসে গলে যেতে পারে। উইকেট না ছুঁয়েই বল বেরিয়ে যায়।
এটা তো আউট! কিন্তু উইকেট তো নড়েনি। বেলও পড়েনি। তাহলে তো আউট নয়! আশ্চর্য এক সমস্যা সৃষ্টি হয় মাঠে। প্রশ্ন ওঠে নিয়ম নিয়ে। পরপর ৩টি বল ব্যাটসম্যানকে পরাস্ত করল। আউট হল। অথচ উইকেট না পড়ায় আউট হলেন না ব্যাটসম্যানরা। বিষয়টি নিয়ে সে সময় প্রবল চর্চা শুরু হয়ে যায়।
সমস্যাটির জেরে ক্রিকেটের নিয়ম বদল করতে বাধ্য হন সংশ্লিষ্ট ক্রিকেট নিয়ম সংশোধনকারীরা। সংশোধিত হয় ক্রিকেটে উইকেটের নিয়ম। ফলে তারপর থেকে ক্রিকেটে আর ২ উইকেটের নিয়ম থাকল না। বদলে এল ৩টি উইকেট এবং ২টি বেলের নিয়ম।
এবার তো আর বল গলতে পারবেনা। মাঝের উইকেট ফেলেই দেবে! সেই নিয়ম বদল আজও বজায় রয়েছে। ক্রিকেটে ৩টি উইকেট ও ২টি বেলের নিয়ম আজও বহাল।











