Business

ডিমের দামে আগুন, কেন বাড়ছে দাম, কমার সম্ভাবনা আছে কি, কি বলছে সংশ্লিষ্ট মহল

ডিমের দাম এমন উচ্চতা ছুঁয়েছে যে তা এখন একটি চর্চার বিষয়। ডিমের দাম কি কমবে? কেন এমন বাড়ল ডিমের দাম? সংশ্লিষ্ট মহল জানাল কারণ।

ডিমের দাম এখন ৮ টাকায় পৌঁছে গেছে। সাধারণ দরিদ্র মানুষের জন্য অন্তত একটা ডিম খাওয়ার যে সুযোগ ছিল তাও এখন দামি। ১টা ডিম ৮ টাকা এর আগে দেখা যায়নি। কিন্তু কেন এমন অবস্থা?

পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তদের দাবি, ডিমের দাম বাড়ার পিছনে রয়েছে একাধিক কারণ। একটি হল ভুট্টার দাম বৃদ্ধি। তার সঙ্গে সয়াবিনের দামও বেড়েছে। ভুট্টা বা সয়াবিন যা মুরগির খাবার হিসাবে পোলট্রি খামারগুলিতে ব্যবহার হয় তার দাম বৃদ্ধি এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খরচ বাড়িয়ে দিয়েছে।

সেই সঙ্গে তাঁদের দাবি, পশ্চিম এশিয়া জুড়ে অস্থির অবস্থারও প্রভাব পড়েছে এই ব্যবসায়। ফলে খরচ অনেকটা বেড়েছে। তা সামাল দিতে দাম বাড়ছে। যা শেষপর্যন্ত গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

ভারতে তামিলনাড়ু সবচেয়ে বেশি ডিম উৎপাদন করে থাকে। সেখানে এখন প্রোকিওরমেন্ট দাম ৬ টাকা ৫৫ পয়সায় ঠেকেছে। যা এখনও পর্যন্ত রেকর্ড। এত দামে পৌঁছয়নি প্রোকিওরমেন্ট প্রাইস। ফলে খোদ তামিলনাড়ুতেও ডিমের দাম ৮ টাকায় ঠেকেছে।

পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তরা এটাও জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে মুরগির খাবারের দাম কমার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হলে ডিমের দাম তখন কমতে পারে। আপাতত সেই আশায় দিন গোনা ছাড়া সাধারণ ক্রেতাদের আর কিছুই করার নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article