Sports

২০৩০ ফুটবল বিশ্বকাপে দল সংখ্যায় চমক, কটা দল খেলবে, ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই যে ফিফা ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে তা বুঝিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট। অনেক দেশের স্বপ্ন দেখার সুযোগ হতে পারে।

ফুটবল বিশ্বকাপ প্রায় তার শেষ লগ্নে এসে পৌঁছে গেছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো, এই ৩ দেশে এবারের খেলাগুলি হচ্ছে। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর ফের ৪ বছরের অপেক্ষা। ২০৩০ সালে আবার ফুটবল বিশ্বকাপ।

সে বছরটা হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষে পা দেওয়া। বিশেষ বছর সন্দেহ নেই। ২০৩০ বিশ্বকাপে কটা দল খেলার সুযোগ পাবে? এবারের মত ৪৮টি দল থাকবে? নাকি তা বাড়বে?

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যা জানিয়েছেন তাতে বিশ্বের আরও ফুটবল খেলা দেশ বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখতেই পারে। কারণ ফিফা প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ হতে পারে ৬৪ দলের।

১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফুটবলে ৩২টি করে দল অংশ নিত। ২০২৬ সালে তাতে বদল হল। এবার ৩২টি নয়, ৪৮টি দল খেলার সুযোগ পেয়েছে।

পরের বিশ্বকাপে সেই সংখ্যাও বদলে ৬৪ দলের বিশ্বকাপ করার কথা যে ফিফা ভাবছে তা স্পষ্ট করেছেন ইনফান্তিনো। তবে তিনি এটাও বলেছেন যে এটা একটা ভাবনা। বিশ্বকাপ শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফিফা প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে ৬৪ দলের কথা জানিয়েছেন তখন তা হয়তো বাস্তবায়িত হওয়া সময়ের অপেক্ষা। এমনই মনে করছে ফুটবলপ্রেমী দেশগুলি।

এটা জানার পর ভারতীয় ফুটবলপ্রেমীরাও আশার আলো দেখছেন। ৬৪ দলের প্রতিযোগিতা হলে এশিয়া থেকে আরও দলের জায়গা হবে। তাতে যদি ভারত নিজের জায়গা করে নিতে পারে তাহলে হয়তো ২০৩০ বিশ্বকাপে প্রথমবার দেখা যেতে পারে ভারতীয় ফুটবল দলকে বিশ্বকাপের মঞ্চে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article