Feature

ভারতের নানা প্রান্তের আম বিখ্যাত, তবে দেশের আমের শহর রয়েছে বাংলাতেই

ভারতের নানা প্রান্তেই নানা সুস্বাদু আম পাওয়া যায়। সবচেয়ে বেশি আম উৎপাদন করছে উত্তরপ্রদেশ। তবে ভারতের আমের শহর বললে কিন্তু বাংলার দিকেই ঘুরে তাকাতে হয়।

আম নিয়ে আমজনতার উৎসাহের অন্ত নেই। গরমের দিনগুলো অসহ্য হলেও, আমের জন্য তবুও যেন গ্রীষ্মের জন্য অপেক্ষা করা যায়। ভারতের নানা প্রান্তে নানা ধরনের আম ছড়িয়ে আছে। আমের প্রকারের শেষ নেই। তাদের প্রতিটির স্বাদ গন্ধ একেবারে মৌলিক এবং মন ভাল করা।

উত্তরপ্রদেশ আবার আম উৎপাদনে দেশের মধ্যে ১ নম্বর স্থান দখল করে আছে। সেখানকার ল্যাংড়া, চৌসা, দশেরি ভুবন বিখ্যাত। আবার গুজরাটের গির কেশর আমের দারুণ কদর। মহারাষ্ট্রের আলফানসো বিখ্যাত।

কর্ণাটকের তোতাপুরি, বাদামি আলফানসো বিখ্যাত। ভারতে আম উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তারপর রয়েছে কর্ণাটক। এছাড়া তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার তো রয়েছেই।

বাংলায় আমের ফলন এসব রাজ্যের মত না হলেও বাংলার হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা লক্ষ্মণভোগের নাম রয়েছে। এছাড়া একাধিক প্রকারের আম এখানে ভরে থাকে। যার অনেকগুলিকেই দিশি আম বলে ব্যাখ্যা করা হয়।

প্রতিটির স্বাদ ও গন্ধ আলাদা। বাংলার মালদা হল এমন এক জেলা যেখানে সবচেয়ে বেশি আম হয়। মালদার আমের বাগান নজর কাড়া। এই মালদাকেই বলা হয় ভারতের আমের শহর।

ভারত জুড়ে যেখানে নানা প্রজাতির নামকরা সব আম ভরে থাকে, সেখানে মালদার মুকুটে এই তকমা কিন্তু বাংলার জন্য এক পরম প্রাপ্তি। মালদার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। বহু পরিবার এই আম চাষের সঙ্গে যুক্ত। যা তাঁদের জীবনধারণের একমাত্র উপায়ও।

Show Full Article