World

গোটা নয়, ভাঙা ডিম কেনার হিড়িক, দোকানে ভাঙা ডিম খুঁজছেন অনেক বাংলাদেশি

ডিম কিনতে গিয়ে যদি একটা ভাঙা বা ফেটে যাওয়া মনে হয় তাহলে তা বদলে নেন ক্রেতা। কিন্তু পড়শি দেশে গোটা নয়, সেই ভাঙা ডিম কেনার হিড়িক পড়ে গেছে।

ডিম কেনার সময় অনেকেই কড়া নজরে দেখে নেন একটাও ভাঙা ডিম নেই তো? যদি এতটুকু সন্দেহ হয় তাহলে তা বদলে নেন ক্রেতা। ফলে যে ভাঙা বা ফাটা ডিম বার হয় তা অনেকসময় বিক্রেতাই নিজের বাড়ির জন্য নিয়ে চলে যান। অথবা কম দামে সেটা বেচে দেন।

সেটাও কেনার মানুষ খুব কম। ফলে ডিম ফেটে বা ভেঙে গেলে বিক্রেতারা চিন্তায় পড়েন। কিন্তু পড়শি বাংলাদেশে এখন অনেক জায়গায় ফাটা ডিম কেনার হিড়িক নজর কাড়ছে।

সেখানকার সংবাদপত্রে এমন এক আজব খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় এখন ক্রেতারা গোটা ডিম নয়, বরং দোকানে গিয়ে ফাটা ডিমের খোঁজ করছেন। রাজশাহী এলাকায় এই প্রবণতা সবচেয়ে বেশি।

এতদিন ফাটা ডিম হলে ক্রেতারা ফেরত দিতেন। সেই ফাটা ডিম এখন দোকানে এসে খুঁজছেন। ফলে কিছুটা অবাক বিক্রেতারাও। কিন্তু গোটা ডিম ছেড়ে কেন ফাটা ডিম কেনার এমন হুড়োহুড়ি পড়ে গেছে?

বাংলাদেশে ডিমের দাম হালে অনেকটাই বেড়েছে। তুলনায় ফাটা ডিম অনেক কম দামে পাওয়া যায় বলেই জানেন সকলে। তাই একাংশের মানুষ চড়তে থাকা ডিমের দাম এড়িয়ে এখন কম দামে ফাটা ডিমে ভরসা রাখছেন।

এদিকে ফাটা ডিমের চাহিদা এভাবে আচমকা বেড়ে যাওয়ায় বিক্রেতারা স্বল্প দামে ফাটা ডিম ছাড়ার রাস্তা থেকে সরে এখন ফাটা ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে তা বাড়িয়েও গোটা ডিমের সমান নয়।

কিন্তু ফাটা ডিম আর কতই বা থাকে! যে কটা ফাটা ডিম বার হচ্ছে তা নিমেষের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে ফাটা ডিম নিয়ে চিন্তার দিনে আপাতত ইতি পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article