World

৬৩ বছর পর এক পর্বতারোহীর জিনিসপত্র ফিরিয়ে দিল হিমবাহের ভোলবদল

জমাট বরফের তলায় হিমবাহে হারিয়ে গিয়েছিল সে ব্যাকপ্যাক। যাতে এক পর্বতারোহীর জিনিসপত্র ছিল। সেই জিনিসপত্র তিনি ফিরে পেলেন ৬৩ বছর পর।

১৯৬৩ সালে পাহাড়ে চড়ার সময় তিনি একটি হিমবাহের ফাটল গলে পড়ে যান। তিনি একা পাহাড়ে উঠছিলেন না। সঙ্গে আরও পর্বতারোহী ছিলেন। তাঁরা তাঁকে রক্ষা করেন। কোনওক্রমে তাঁকে উপরে তুলে আনা হয়।

কিন্তু তোলার সময় যাতে তাঁর ওজন যথাসম্ভব কম থাকে সেজন্য তিনি পিঠে থাকা ব্যাকপ্যাকটি ফেলে আসেন সেই ফাটলের মাঝেই। তাতে ওজনটা একটু কমে। সঙ্গীরা তাঁকে তুলে আনতে সমর্থ হন।

এরপর বছরের পর বছর কেটে গেছে। এখন তিনি ৮৬ বছরের বৃদ্ধ। কিন্তু ওই ঘটনা তিনি ভোলেননি। সম্প্রতি তাঁর কাছে পৌঁছে যায় পুলিশ। সঙ্গে তাঁর সেই হিমবাহে হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি। যার মধ্যে সব জিনিস তখনও অক্ষত ছিল। সেই ব্যাকপ্যাকটি ফিরে পেয়ে কার্যতই আনন্দে আত্মহারা ওই বৃদ্ধ।

অস্ট্রিয়ার পশ্চিমে সুল্জতালফারনার হিমবাহের জমাট বরফ গলছে। প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় সেই হিমবাহ গলতে থাকায় হিমবাহের তলায় থাকা ওই ব্যাকপ্যাকটি ভেসে আসে। যা পুলিশের হাতে আসে।

তাতে একটি বরফ কাটার কুঠার, ক্যামেরা, হুইসিল এবং আবহাওয়া সংক্রান্ত বেশ কিছু নথি ছিল। আর ছিল যাঁর ব্যাকপ্যাক তাঁর নামধাম। শুরু হয় খোঁজ।

অবশেষে পুলিশ ওই ৮৬ বছরের বৃদ্ধের খোঁজ পায়। যিনি ওই ব্যাকপ্যাকের মালিক। তাঁকে তাঁর সেই ৬৩ বছর আগে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেয় পুলিশ। গলতে থাকা একটি হিমবাহ আশ্চর্য ভাবে ফিরিয়ে দিল এই ব্যাকপ্যাক। বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবরটি নজর কেড়েছে।

Show Full Article