National

বন্যা দুর্গত পড়শি রাজ্যে নতুন চিন্তা ধানসিঁড়ি

নতুন চিন্তার নাম ধানসিঁড়ি। একেই বন্যার গ্রাসে লক্ষাধিক মানুষ। তারওপর নতুন করে সতর্কতা সামনে এল। এবার ধানসিঁড়ি নিয়ে সতর্ক করল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর।

পড়শি রাজ্যের ১৫টি জেলা জলে ভাসছে। এমনই ভয়ানক সেখানকার বন্যা পরিস্থিতি। ১ লক্ষ ৬৮ হাজার মানুষ বন্যাদুর্গত। বহু মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে পরিবার নিয়ে কাটাচ্ছেন। তাঁদের বাড়িঘর জলের তলায়। এমন ১০ হাজার ১১১ জন মানুষ রয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে।

১৪ হাজার ৩৮২ হেক্টর কৃষি জমি জলের তলায় চলে গেছে। যার ফলে ফসলের অপরিসীম ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ১৩৩টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলি থেকে ত্রাণ সামগ্রি বণ্টন করা হচ্ছে।

উদ্ধারকারীরা রাতদিন এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গ্রামের পর গ্রাম জলের তলায় হারিয়ে গেছে। প্রচুর গবাদি পশুর ক্ষতি হয়েছে। এমন ভয়ানক বন্যায় বিধ্বস্ত অসমে নতুন করে সতর্কতা জারি করল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর।

অসমের গোলাঘাট জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জেলার উপর দিয়ে বয়ে গেছে দক্ষিণ ধানসিঁড়ি নদী। যার জলস্তর বেড়েই চলেছে। তাই এই নদীর ধারে বসবাস করা মানুষজনকে নদীর ধারেকাছেও যেতে মানা করা হয়েছে। কোনও কারণে নদীর কাছেও যেন কেউ না যান তা স্পষ্ট করে সতর্কতা জারি করা হয়েছে।

অসমের বন্যায় এখনও পর্যন্ত ৪১ হাজার ৪৭৫টি প্রাণির ক্ষতি হয়েছে। ৩৬৫টি বাড়ি নষ্ট হয়েছে। এরমধ্যে ৪০টি বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ৪৮১টি গ্রাম বন্যা দুর্গত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App