রাত জাগতে তৈরি ফুটবলের শহর, বিশ্বকাপ উপভোগ করতে বিশেষ কয়েকটি দোকানে ভিড়
বিশেষ কয়েকটি দোকানে ভিড় জমছে। ভিড় জমাচ্ছে কিশোর, তরুণরা। বিশ্বকাপ ফুটবল তারিয়ে উপভোগ করতে তৈরি বাংলা। রাত জাগতে কোমর বেঁধে তৈরি ফুটবল পাগল মন।

বিশ্বকাপ ফুটবলে এবার ৪৮টি দলের লড়াই। তবে সে তালিকায় ভারত নেই। ভারত এখনও বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়নি। তাতে কি! বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির চেয়ে এখানে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কোনও অংশে কম নয়। আর বরাবরের মতই ফুটবল পাগল বাংলা কোমর বেঁধে তৈরি।
এবার বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভারতে খেলাগুলির বেশিরভাগই দেখা যাবে মধ্যরাতে অথবা ভোরে। পড়াশোনা, অফিস কাছারি সেরে রাত জেগে খেলা দেখে ফের পরদিন কাজে লেগে পড়া সহজ কাজ নয়। কিন্তু বিশ্বকাপ দেখার সুযোগও তো ৪ বছরে ১ বারই আসে। তাই তা তো হাতছাড়া করা যাবেনা।
ফুটবল দেখাই শুধু নয়, পছন্দের দলকে সমর্থন করার জন্য কেনাকাটাও সেরে ফেলেছেন অনেকে। পাড়ায় পাড়ায় রাস্তার ২ ধারের বাড়ির বারান্দায় দড়ি বেঁধে তাতে ঝুলছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সহ বিভিন্ন দেশের পতাকা। বিভিন্ন পাড়ায় বড় করে টাঙিয়ে দেওয়া হয়েছে কবে কোন দলের খেলা। কখন খেলা। কোন দল কোন গ্রুপে।
বিভিন্ন খেলার সরঞ্জামের দোকানে এখন গেলে পাওয়া যাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া নানা দেশের পতাকা। ক্রেতারও অভাব নেই। সেই সঙ্গে চুটিয়ে বিক্রি হচ্ছে পছন্দের দলের জার্সি। কলকাতার বাইরে থেকেও অনেকে ট্রেনে করে এসে জার্সি, পতাকা কিনে নিয়ে যাচ্ছেন।
নীল আকাশে মাথা উঁচু করে পতপত করে উড়তে থাকা ঘুড়িতেও এখন বিশ্বকাপের ছোঁয়া। ঘুড়িতে এখন পছন্দের দলের পতাকা আঁকা। সেসব ঘুড়িই সবচেয়ে বেশি বিকোচ্ছে। সব মিলিয়ে ফুটবল জ্বরে তপ্ত শহর কলকাতা থেকে বাংলার বিভিন্ন প্রান্ত।



