দেশের একটা বড় অংশে বর্ষা কমে যেতে চলেছে, পশ্চিমবঙ্গের কি হবে
দেশের একটা বড় অংশ জুড়ে বর্ষা কমে যেতে চলেছে। উত্তর পশ্চিমা বাতাসের ধাক্কায় এমন ঘটবে। কোথায় কমতে চলেছে বর্ষা। পশ্চিমবঙ্গে কি হবে।
দেশের একটা বড় অংশ জুড়ে বর্ষা কমে যেতে চলেছে। আর তা হতে চলেছে উত্তর পশ্চিমা বাতাসের ধাক্কায়। এর ফলে উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতের একটা অংশ কার্যত শুষ্ক হতে চলেছে।
সেখানে এতদিন ধরে যে বর্ষার প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছিল তা আর দেখা যাবেনা। আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে দেখতে পাওয়া যাচ্ছে ওই অংশে মেঘ প্রায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের তাতে কিছু বদলাচ্ছে না। এখানে যেমন বৃষ্টি হওয়ার তেমনটাই হচ্ছে।
বৃষ্টি কমার তেমন কোনও আভাস নেই পূর্ব এবং উত্তরপূর্ব ভারতে। সেখানে মেঘের সঞ্চার নজরকাড়া। বরং এখানে আরও বৃষ্টি বাড়তে পারে। কারণ বঙ্গোপসাগরে আগামী ১২ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে।
আর সেটা হলে ফের প্রবল বৃষ্টি। পশ্চিমবঙ্গ বলেই নয়, এর জের গিয়ে পড়বে যেখানে বৃষ্টি কমে যাচ্ছে সেখানেও। তবে রাজস্থান থেকে দিল্লি, পঞ্জাব থেকে গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের একটা অংশে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিনে উল্লেখযোগ্য ভাবে কমে যেতে চলেছে।
এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সেপ্টেম্বরে পড়েও বদলায়নি। ভাল বৃষ্টির পূর্বাভাস থাকছে। যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয় তাহলে বৃষ্টি আরও বৃদ্ধি পাবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বুধবার তো বটেই তারপরেও সপ্তাহের শেষের দিকে ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।











