National

রেল দুর্ঘটনা অনেক কমে গেছে, কীভাবে কমেছে তার ব্যাখ্যা দিলেন রেলমন্ত্রী

ভারতে ২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে ১৩৫টি রেল দুর্ঘটনা ঘটেছিল, ২০২৫-২৬-এ তা কমে দাঁড়িয়েছে ১৬-তে। কীভাবে এই অসাধ্যসাধন হল তার ব্যাখ্যা দিলেন রেলমন্ত্রী।

ভারতে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। ২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে ১৩৫টি রেল দুর্ঘটনা ঘটেছিল, ২০২৫-২৬-এ তা কমে দাঁড়িয়েছে ১৬-তে। আবার চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে রেল দুর্ঘটনা ঘটেছে মাত্র ২টি।

এই তথ্য তুলে ধরে কি মন্ত্রে এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে তা সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানিয়েছেন এক্ষেত্রে রেলের সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি একটা বড় কারণ।

রেলের সুরক্ষা বাজেট ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় ৩ গুণ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে রেলের সুরক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ২০০ কোটি টাকা। সেখানে ২০২৬-২৭ অর্থবর্ষে রেলের সুরক্ষা খাতে ব্যয়বরাদ্দ হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৩৮৯ কোটি টাকা। যার হাত ধরে অনেক পদক্ষেপ করা সম্ভব হয়েছে।

রেল দুর্ঘটনা ঘটার কারণ হল খারাপ রেলপথ, খারাপ ইঞ্জিন ও কামরা, যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি এবং অবশ্যই মানুষের ভুল। এই দিকগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

রেলের সুরক্ষায় এখন আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ আরও নিবিড় করা হয়েছে। যাতে মানুষের ভুল না হয় সেজন্য ১০ হাজার ৩৯৫টি লেভেল ক্রসিংয়ে ইন্টারলকিং সিস্টেম কার্যকর করা হয়েছে।

রেললাইন ঠিক আছে কিনা তাও পরীক্ষা করা অনেক বাড়ানো হয়েছে। এছাড়া ২৪৯০ কিলোমিটার রুটকে কবচ ৪.০ সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে ভারতে রেল দুর্ঘটনা এড়াতে বাজেট বরাদ্দ বৃদ্ধি আধুনিক প্রযুক্তি নির্ভর সুরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নকে সহজ করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article