World

এভারেস্ট চড়লেন ১ হাজারের ওপর মানুষ, ১ দিনে সবচেয়ে বেশি জন চুড়োয় চড়ে নজির

এভারেস্টে একের পর এক রেকর্ড। ১ দিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যেমন এভারেস্টে চড়ার নজির গড়েছেন, তেমনই ১ হাজার পার করেছে চুড়ো ছোঁয়ার সংখ্যা।

এভারেস্টে এবার চড়তে হলে নেপালের দিক ছাড়া গতি নেই। কারণ তিব্বতের দিক থেকে এভারেস্টে চড়ার যে রুট রয়েছে তা চিন এবার বন্ধ রেখেছে। নেপাল থেকে এবার কিন্তু এভারেস্টে চড়া পর্বতারোহীর সংখ্যা নজর কেড়ে নিয়েছে।

এভারেস্টে ১ দিনে চড়েছেন ২৭৪ জন পর্বতারোহী। যা একটি সর্বকালীন রেকর্ড। যবে থেকে এভারেস্টে চড়া শুরু হয়েছে তার পর থেকে এখনও পর্যন্ত ১ দিনে এভারেস্টের চুড়োয় পা রাখা মানুষের সংখ্যা কখনও ২৭৪ ছুঁতে পারেনি। এই ২৭৪ জনের মধ্যে ৩ জন ভারতীয়।

এভারেস্টে ১ দিনে চুড়ো ছোঁয়ায় যেমন নজির সৃষ্টি হয়েছে তেমনই এভারেস্টে ২০২৬ সালে সর্বাধিক পর্বতারোহী চড়েছেন। ১ হাজার পার করে গেছে এভারেস্টে চড়ার সংখ্যা। ১ হাজার ৮ জন মানুষ এভারেস্টের চুড়োয় পা রেখেছেন। অর্থাৎ এভারেস্ট জয় করেছেন। যা অন্য কোনও বছরে হয়নি।

এ বছর আবহাওয়া অনুকূল থাকায় এই এত পর্বতারোহী এভারেস্টের মাথায় পৌঁছনোর সুযোগ পেলেন। প্রথমে একটি বিশাল বরফের চাঁই এভারেস্টে চড়ার রুট আটকে রাখলেও পরে যখন চড়া শুরু হয় তখন প্রতিদিনই অনেক পর্বতারোহী এভারেস্টের চুড়ো ছুঁয়ে স্বপ্ন পূরণ করতে থাকেন।

এবার এভারেস্টে চড়ার পারমিট ইস্যু করে নেপাল সরকারও বিপুল অঙ্কের রাজস্ব কোষাগারে পূর্ণ করতে পেরেছে। যা নেপাল সরকারের জন্যও ভাল খবর।

আবার পর্বতারোহীরাও যে স্বপ্ন দেখেন, জীবনে একবার অন্তত বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের শিখর ছোঁয়ার, সেটাও পূরণ হয়েছে সহস্রাধিক মানুষের। সেদিক থেকে ২০২৬ সাল এভারেস্ট অভিযানের ক্ষেত্রে স্মরণীয় হয়ে রইল।

Show Full Article