National

প্রতিবেশি দেশে প্রবল বৃষ্টি, বন্যার আশঙ্কায় ভারতের রাজ্যে তটস্থ প্রশাসন

অন্য দেশে প্রবল বৃষ্টি হচ্ছে। আর তার জেরে রাতের ঘুম উড়েছে ভারতের এক রাজ্য প্রশাসনের। যে কোনও সময় বন্যার কবলে পড়তে পারে রাজ্য।

নদীর জল তো সীমানা বোঝে না। সে তার আপন ছন্দে ছুটতে থাকে। তাই প্রতিবেশি দেশে প্রবল বৃষ্টি হলে তার জন্য ভারতের রাজ্যকে তটস্থ হয়ে উঠতে হয়। রাজ্য প্রশাসনকে সবদিক থেকে বন্যা মোকাবিলার জন্য তৈরি থাকতে হয়।

এই অবস্থায় এখন পড়েছে বিহার প্রশাসন। নেপালের পার্বত্য অঞ্চলে এখন প্রবল বর্ষণ হচ্ছে। সেই জল বিভিন্ন নদী দিয়ে বাহিত হচ্ছে। তার মধ্যে কোশী নদী অন্যতম। সেই কোশী নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে। বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

নেপালে প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার জল কোশী নদী দিয়ে প্রবাহিত হয়ে বিহারে ঢুকছে। ফলে কোশী ব্যারেজ কন্ট্রোল থেকে বাধ্য হয়ে জল ছাড়তে হচ্ছে। যার ফলে সেই বিপুল জলরাশির জেরে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা। সবদিক থেকে নিজেদের তৈরিও রেখেছেন তাঁরা।

কোশী নদীর ২ কূল জুড়ে যে জনবসতি রয়েছে, তার বিস্তীর্ণ এলাকা যে কোনও সময় বন্যার কবলে পড়তে পারে। যদি নেপালে বৃষ্টি চলতেই থাকে তাহলে পরিস্থিতি আরও ঘোরাল হবে।

কোশীর আশপাশে থাকা মানুষজন এই বন্যা সম্ভাবনা নিয়ে চিন্তায় রয়েছেন। কারণ প্রতিবছরই কোশী নদীর আশপাশের এলাকা বন্যার কবলে পড়ে।

অধিকাংশ ক্ষেত্রেই নেপালের পার্বত্য এলাকার বৃষ্টির জলে ফুঁসতে থাকে কোশী নদী। আর তার জেরেই বন্যার কবলে পড়ে বিহারের কোশী নদীর আশপাশের এলাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article